রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর মদদপুষ্ট বিতর্কিত সংগঠন 'জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ' নিষিদ্ধের দাবি জানিয়ে মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে প্রগতিশীল ছাত্রজোট। তারা ওই সংগঠনটির সম্মেলনে মুক্তিযোদ্ধা লাঞ্ছনার বিচারও দাবি করেছে।
দুপুর ১২ টার দিকে জোটভুক্ত সংগঠন ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট ও ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা ক্যাম্পাসের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বর থেকে মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাস ঘুরে শুরুর স্থানে এসে শেষ হয়।
মিছিল শেষে সমাবেশে বক্তারা মুক্তিযোদ্ধা শেখ মো. আলী আমানকে লাঞ্ছনাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিও জানান তারা।
গত ১১ জুলাই রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে 'জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ'র প্রতিনিধি সম্মেলন চলাকালে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে কথা বলার সময় মুক্তিযোদ্ধা আমানকে লাঞ্ছিত করে জামায়াত-শিবির নেতা-কর্মীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৮৪০ ঘ.
bdnews24