২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ বন্ধ না হলে দুর্নীতি কমবে না: মশহুদ

দুর্নীতি নির্মূলে ঘুষ বন্ধ করার আহ্বান জানিয়ে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী বলেছেন, ঘুষ বন্ধ না হলে দুর্নীতি কমবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2008, 12:27 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

জয়পুরহাট, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি নির্মূলে ঘুষ বন্ধ করার আহ্বান জানিয়ে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী বলেছেন, ঘুষ বন্ধ না হলে দুর্নীতি কমবে না। মঙ্গলবার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। হাসান মশহুদ চৌধুরী বলেন, "দুর্নীতির শতকরা ৩৮ শতাংশই ঘুষ। মানুষের ফাইল আটকে রেখে ঘুষ আদায়, আর মাথায় পিস্তল ঠেকিয়ে ছিনতাই করা একই অপরাধ। গরিব মানুষের কথা বিবেচনা করে ঘুষ বন্ধ করতে না পারলে প্রচার প্রচারণা চালিয়ে কোনও লাভ হবে না। ঘুষ বন্ধ করতে না পারলে আমরা দুর্নীতি কমাতে পারবো না।" ঘুষ লেনদেন না করার জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়ে দুর্নীতি দমন সংস্থার প্রধান বলেন, "দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে-বেতন কম; এসব অজুহাত না দিয়ে সবাইকে সৎ থাকার চেষ্টা করতে হবে। আমরা যদি নিজেদের মধ্যে হালাল ও হারাম সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে না পারি, তাহলে দুর্নীতিবিরোধী কার্যক্রম চালিয়ে লাভ হবে না।" হাসান মশহুদ চৌধুরী বলেন, "গত জুনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যে রিপোর্ট দিয়েছে আমরা তা মেনে নিয়েছি। এ রিপোর্ট অনুযায়ী সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে সেবা খাতে। গত বছর আমরা ৬৪টি জেলায় গিয়েছি দুর্নীতিবিরোধী প্রচারণা চালানোর জন্য। এবার উপজেলা পর্যায়ে প্রচারণা চালানো হচ্ছে।" দুর্নীতি প্রতিরোধে সবার সক্রিয় সহায়তা প্রত্যাশা করেছেন দুদক চেয়ারম্যান। 'দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ' শীর্ষক ওই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কমিশনের রাজশাহী বিভাগীয় পরিচালক মেজর শফিউল আলম, সাবেক যুগ্ম সচিব হারুনুর রশিদ, জয়পুরহাট সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ওয়াজেদ আলী, পাঁচবিবির উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ। উপজেলা প্রশাসনের উদ্যোগে পাঁচবিবি উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮২৫ ঘ.