কিশোরগঞ্জ, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমস্যা কাটিয়ে দেশকে এগিয়ে নিতে সব দলের ঐকমত্য প্রয়োজন বলে মনে করেন বিএনপি নেতা ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা।
তিনি বলেছেন, "স্বাধীনতার ৩৭ বছরেও দেশ অসংখ্য সমস্যায় নিমজ্জিত। এ অবস্থা অনির্দিষ্টকাল চলতে পারে না। দেশের সর্বত্র বিরাজমান দারিদ্র্য ও ক্ষুধা আমাদের ব্যথিত করে। এ অবস্থার উত্তরণ ঘটিয়ে দেশকে এগিয়ে নিতে সব দলের ঐকমত্য প্রয়োজন।"
মঙ্গলবার কিশোরগঞ্জে সংক্ষিপ্ত সফরকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাদেক হোসেন এ কথা বলেন।
তিনি কিশোরগঞ্জের পাগলা মসজিদে জোহরের নামাজ পড়েন। নামাজ শেষে মসজিদ সংলগ্ন এতিমখানার শিশুদের নিয়ে তিনি দেশ ও জাতির কল্যাণ কমানায় দোয়া করেন।
খোকার আগমনের খবর পেয়ে সাংবাদিকরা সেখানে যায়। হঠাৎ এ সফরের কারণ জানতে চাওয়া হলে বিএনপি নেতা বলেন, "ঐতিহাসিক পাগলা মসজিদের কথা শুনে দোয়া-দরুদ পড়তেই এখানে এসেছি।"
খালেদা জিয়ার মুক্তি দাবি করেন কিনা- সংস্কারপন্থী হিসাবে পরিচিত এ নেতাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, খালেদা জিয়াসহ আটক সব রাজনৈতিক নেতারই মুক্তি পাওয়া উচিত।
রাজনীতির বিষয়ে আর কিছু বলতে চাননি বর্তমানে রাজনীতি নিয়ে কিছুটা নিস্পৃহ সাদেক হোসেন খোকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩৪ ঘ.
bdnews24