ফরিদপুর, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরে ছিনতাইয়ের অভিযোগে তিন জনকে আটক করে তাদের চোখে চুন ও সোডা ঢেলে দিয়েছে জনতা।
মঙ্গলবার ভোর রাতে ফরিদপুর-রাজবাড়ি সড়কের রঘুনন্দনপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফায়েকুজ্জামান।
আটক তিন জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। তাদের নাম মানিক (২৪), সবুজ (২৪) ও রাজু (২৫)। এদের মধ্যে মানিক ও সবুজের বাড়ি ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর এলাকার; রাজুর বাড়ি শহরের পূর্ব খাবাসপুরে।
পুলিশ কর্মকর্তা ফায়েকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ৩টার দিকে ফরিদপুর-রাজবাড়ী সড়কের রঘুনন্দনপুর এলাকায় ছিনতাইালে জনতা ধাওয়া করে ওই তিন যুবককে আটক করে। পরে তাদের চোখে চুন ও সোডা গুলিয়ে ঢেলে দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।"
হাসপাতালের চক্ষু বিভাগের চিকিৎসক স্বপন কুমার ভৌমিক সাংবাদিকদের জানান, চুন ও সোডার রাসায়নিক ক্রিয়ায় তিন জনের চোখের কর্নিয়ার ক্ষতি হয়েছে।
তবে ক্ষতির মাত্রা জানতে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন বলে ওই চিকিৎসক জানান।
ছিনতাইয়ের ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪০ ঘ.
bdnews24