ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থপতি ও স্কুল শিক্ষিকা জয়ন্তী রেজা হত্যা মামলায় স্বামী আজম রেজাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। এ মামলায় নিম্ন আদালত এর আগে আজম রেজাকে মৃত্যুদণ্ড দিয়েছিল।
আজম রেজার আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি গ্রহণ করে বিচারপতি এ কে এম ফজলুর রহমান ও বিচারপতি এ টি এম ফজলে কবিরের হাইকোর্ট বেঞ্চ সোমবার তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়।
দু'দিন ধরে দেওয়া রায়ে আদালত বলেছে, এটি পূর্বপরিকল্পিত বা ঠাণ্ডা মাথার হত্যা নয়। আজম রেজা পেশাদার খুনিও নন। অসুখী দাম্পত্য জীবনে কলহের জের ধরে হত্যাটি হয়েছে। হত্যার ঘটনার প্রত্যক্ষ সাক্ষীও নেই। তাই মৃত্যুদণ্ডের পরিবর্তে আজম রেজাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হল।
তবে রায়ে অসন্তুষ্ট জয়ন্তী রেজার ছোটবোন ড. স্বাতী মাহবুব সাংবাদিকদের বলেন, "আমরা ন্যায়বিচার পাইনি। রায়ের বিরুদ্ধে আমরা আপিল করব।"
২০০৪ সালের ৯ জানুয়ারি বনানীর বাসা থেকে জয়ন্তী রেজার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। স্বামী আজম রেজার দাবি ছিল, জয়ন্তী আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তে জানা যায় নির্যাতন করে তাকে হত্যা করা হয়।
এ ঘটনায় পরদিন ১০ জানুয়ারি গুলশান থানায় আজম রেজা, তার বোন শম্পা রেজা ও আফসানা মিমির বিরুদ্ধে হত্যা মামলা করেন জয়ন্তীর মা লুসিল সাদেকীন। এতে অভিযোগ করা হয় পরকীয়া প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখতে আজম রেজা স্ত্রীকে হত্যা করেছেন।
মামলা হওয়ার দিনই আজম রেজাকে গ্রেপ্তার করা হয়।
শম্পা রেজা ও আফসানা মিমির নাম বাদ দিয়ে ২০০৪ সালের ২৩ মার্চ আজম রেজার বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।
পরের বছর ১৭ জানুয়ারি ঢাকার দ্রুত বিচার আদালতের বিচারক এ আর মাসুদ হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত করে আজম রেজাকে মৃত্যুদণ্ড দেন।
রায়ের পরপরই আজম রেজা হাইকোর্টে আপিল করেন। এর ওপর শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র ঠাকুর।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল নাহিদ মাহতাবের সঙ্গে জয়ন্তীর মায়ের নিয়োগ করা আইনজীবী সৈয়দ শাহীদুর রহমান, আদিলুর রহমান খান ও রুহুল আমিন ভূঁইয়া শুনানিতে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এসকে/১৮০৬ঘ.
bdnews24