২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকসই গণতন্ত্রের জন্য আলোচনার এখনই সময়: প্রধান উপদেষ্টা

ঘোষিত রোডম্যাপ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই জানিয়ে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ রোববার বলেছেন, একটি টেকসই গণতন্ত্রে উত্তরণের জন্য আলোচনার এখনই সময়। রোববার বিকেলে সিলেটের জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে 'গণতান্ত্রিক উত্তরণে আঞ্চলিক পর্যায়ের জাতীয় সংলাপ' এ তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2008, 03:56 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

সিলেট, জুুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘোষিত রোডম্যাপ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই জানিয়ে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ রোববার বলেছেন, একটি টেকসই গণতন্ত্রে উত্তরণের জন্য আলোচনার এখনই সময়। রোববার বিকেলে সিলেটের জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে 'গণতান্ত্রিক উত্তরণে আঞ্চলিক পর্যায়ের জাতীয় সংলাপ' এ তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, "নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণ ঘটাতে আমরা কাজ করে যাচ্ছি। কীভাবে গণতন্ত্র টেকসই হবে তা নিয়ে আলোচনার সময় এখনই। ঘোষিত রোডম্যাপ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।" তিনি বলেন, "সরকারকে জনগণের দ্বারপ্রান্তে নিয়ে আসার জন্য আঞ্চলিক পর্যায়ে নাগরিক সংলাপ আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস।" ঘোষিত সিটি করপোরেশন ও পৌর নির্বাচনে নিঃশঙ্ক চিত্তে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তত্ত্বাবধায়ক সরকার প্রধান। তিনি বলেন, "নির্ভয়ে যাতে ভোট দেওয়া যায়- আমরা সে পরিবেশ তৈরি করবো।" সংলাপে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, "নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা ও তথ্য প্রকাশ করার বাধ্যবাধকতা রয়েছে। এ বিষয়ে সংবিধান মেনে চলতে হবে। ইচ্ছে করলেই আইনের বাইরে গিয়ে আমরা কাউকে নির্বাচনে আযোগ্য করতে পারি না।" দুর্নীতিতে অভিযুক্তদের বিচারের আওতায় আনা হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, "দেশের নির্বাচনী সংস্কৃতির গুণগত পরিবর্তন প্রয়োজন। স্থানীয় সরকার নির্বাচনে আমরা এর প্রতিফলন দেখতে পাচ্ছি। এবার মনোনয়নপত্র দাখিলের সময় কোনো শো-ডাউন হয়নি। এ ব্যাপারে নির্বাচন কমিশন কঠোর অবস্থান নিয়েছে। আমরা তাদের সমর্থন দিয়েছি।" ভবিষ্যত সরকার যাতে সংস্কারমুখী ও কল্যাণকামী হয়, বর্তমান সরকার সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, সিলেটের সঙ্গে তার প্রাণ ও মনের টান রয়েছে। এ বিভাগের সমস্যাগুলো সমাধানে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। তিনি জানান, ১৯৬৫ সালে সিলেটে কমিশনার হিসেবে যোগ দিয়ে তার কর্মজীবনের শুরু হয়। বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি ও অর্থনীতির বিকাশে সিলেটবাসীর অবদানের কথাও স্মরণ করেনে ফখরুদ্দীন আহমদ। বেলা ৩টা ১৫ মিনিটে সংলাপ শুরুর পর স্বাগত বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার জাফর আহমেদ খান। পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরীর সঞ্চালনায় স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল, আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ ও যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের সংলাপে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আমিনুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর, সাংবাদিক শফিউল আলম চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের সিলেট জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মেয়র প্রার্থী বাবরুল হোসেন বাবুল, সুনামগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ শায়েখ আহমদ, হবিগঞ্জের নারীনেত্রী জাহানারা আফসর সংলাপে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২১৫০ ঘ.