২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এখনও থমথমে

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ'র গুলিতে বিডিআরের দুজন সদস্য নিহত হওয়ার ঘটনায় শনিবারও শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2008, 01:42 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ'র গুলিতে বিডিআরের দুজন সদস্য নিহত হওয়ার ঘটনায় শনিবারও শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের রঘুনাথপুর সীমান্তে বিএসএফ'র গুলিতে মারা যান বাংলাদেশ রাইফেলস-বিডিআরের হাবিলদার আব্দুল হান্নান সরকার ও ল্যান্স নায়েক কৃষ্ণপদ সাহা মারা যান। এই ঘটনার পর এখনও সীমান্তে উত্তেজনা রয়েছে। দুপক্ষই শক্তি বাড়িয়েছে। সীমান্ত এলাকার আতঙ্কিত লোকজনকে শান্ত রাখার চেষ্টা করছে বিডিআর। সোমবার বিডিআর মহাপরিচালকের ঘটনাস্থল পরিদর্শন করার কথা রয়েছে। চাঁপাইগঞ্জের ৩৯ রাইফেলস ব্যাটেলিয়নের কর্মকর্তা মেজর সৈয়দ আবু হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রঘুনাথপুর সীমান্তে এখনও উত্তেজনা রয়েছে। বিডিআর এর পক্ষ থেকে স্থানীয় লোকজনকে শান্ত রাখার চেষ্টা করা হচ্ছে। সীমান্ত এলাকায় আর কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকেও খেয়াল রাখা হচ্ছে।" তিনি জানান, সীমান্তে অতিরিক্ত বিডিআর সদস্য মোতায়েন করা হয়েছে। বিএসএফও সীমান্তে শক্তি বাড়িয়েছে। সোমবার বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের ঘটনাস্থল পরিদর্শন করবেন বলেও মেজর আবু হাসান জানিয়েছেন। রঘুনাথপুর এলাকার খাকচাপাড়ার হাসানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাইনুল ইসলাম ফটিক বলেন, "ঘটনার দুদিন পরও স্থানীয় লোকজনের ভয় ও আতঙ্ক কাটেনি।" ওই রাতে বিএসএফ'র ফেলে যাওয়া একটি ইঞ্জিন চালিত নৌকাসহ গ্রেপ্তারকৃত ভারতের মালদা জেলার বৈষ্ণবনগর থানার চালাকপাড়া গ্রামের আফজাল মিয়ার ছেলে মো. তাজেমুলকে (২৫) শনিবার জেলহাজতে পাঠানো হয়েছে। বিডিআর শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করে শিবগঞ্জ থানায় হস্তান্তর করে। শিবগঞ্জ থানার কর্তব্যরত কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত তাজেমুলকে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভারতের মালদা জেলার ১০৮ বিএসএফ'র নিমতিতা ক্যাম্পের একদল জওয়ান বৃহস্পতিবার মধ্যরাতে ১১০/৫ এস পিলারের কাছ দিয়ে বাংলাদেশ ভূ-খণ্ডের ১৩শ গজ ভেতরে ঢুকে পড়ে। বিডিআর সদস্যরা চ্যালেঞ্জ জানালে তারা বেপরোয়াভাবে গুলি চালায়। বাংলাদেশ ভূ-খণ্ডে বিএসএফের প্রবেশের খবর রঘুনাথপুর গ্রামের লোকজন বিডিআরকে জানালে হাবিলদার আব্দুল হান্নান সরকার টহলদল নিয়ে ঘটনাস্থলে যান। বিডিআর সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে বিএসএফ সদস্যরা বেপরোয়াভাবে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই বিডিআর'র হাবিলদার আব্দুল হান্নান ও ল্যান্স নায়েক কৃষ্ণপদ সাহার মৃত্যু হয়। এ ঘটনায় শুক্রবার বিকেলে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে বিডিআরের পক্ষ থেকে ঘটনার যৌথ তদন্তের প্রস্তাব দেওয়া হয়। বিএসএফ কর্মকর্তারা বলেছেন, বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ে কথা বলার পর তারা সিদ্ধান্ত জানাবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৮ ঘ.