২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসকের ভুলে রোগীর মৃত্যুর অভিযোগ

রাজধানীর নয়াপল্টন এলাকার একটি ক্লিনিকে ভুল অস্ত্রপচারে সিরাজুল হক (৩৫) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পল্টন থানার মামলায় গ্রেপ্তারের পর অভিযুক্ত চিকিৎসক মোহাম্মদ করিম উল্লাহকে (৬১) শুক্রবার জামিন দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2008, 11:19 AM

Updated : 26 Aug 2022, 02:08 PM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম)- রাজধানীর নয়াপল্টন এলাকার একটি ক্লিনিকে ভুল অস্ত্রপচারে সিরাজুল হক (৩৫) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পল্টন থানার মামলায় গ্রেপ্তারের পর অভিযুক্ত চিকিৎসক মোহাম্মদ করিম উল্লাহকে (৬১) শুক্রবার জামিন দিয়েছে আদালত। বৃহস্পতিবার বিকেলে মেডিচেক ক্লিনিকে পায়ে অস্ত্রপচারের পর সিরাজুলের মৃত্যু হয়। সিরাজুলের শ্যালক জামালউদ্দীন ওইদিন বিকেলে পল্টন থানায় এ মামলা দায়ের করেন। এজাহারে বলা হয়, সিরাজুল হক বিদেশে যাওয়ার জন্য ভিসার আবেদন করলে পায়ের 'রগ ফোলাজনিত সমস্যার' কারণে চিকিৎসকরা তাকে অনুপযুক্ত ঘোষণা করে। এ রোগের চিকিৎসার জন্য বৃহস্পতিবার সিরাজুল মেডিচেক ক্লিনিকে ভর্তি হন। ক্লিনিকের চিকিৎসক করিম উল্লাহ ওইদিন বিকেলেই সিরাজুলের পায়ে অস্ত্রপচার করেন। কিন্তু অপারেশন থিয়েটারেই সিরাজুলের মৃত্যু হয়। জামালউদ্দীন অভিযোগ করেছেন, ডা. করিমউল্লাহ রক্তচাপসহ রোগীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ না করেই অস্ত্রপচার শুরু করেন। তার অপারেশন থিয়েটারে বিকল্প বিদ্যুতেরও ব্যবস্থা ছিল না। কিছুক্ষণ পর বিদ্যুৎ চলে গেলে রোগীকে ভেতরে রেখে বাইরে এসে অপেক্ষা করেন তিনি। বিদ্যুৎ আসার পর আবার অস্ত্রপচার শুরু করেন চিকিৎসক। পরে সিরাজুলের বন্ধু চিত্ত বাবু ও জামাল পল্টন থানায় খবর দিলে পুলিশ করিম উল্লাহকে গ্রেপ্তার করে এবং লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। শুক্রবার বিকেলে করিম উল্লাহকে ঢাকার মুখ্য মহানগর আদালতে হাজির করা হলে হাকিম জামিনের আবেদন মঞ্জুর করেন। পল্টন থানার উপ-পরিদর্শক ইউনুস জানান, অতিরিক্ত রক্তক্ষরণে সিরাজুল মারা যায় বলে দাবি করেছেন ডা. করিমউল্লাহ। সিরাজুল ইসলামের বাবার নাম জব্বার আলী। বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/পিবি/জিএনএ/১৭১১ ঘ.