ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার ছোট ভাই প্রকৌশলী শামীম এস্কান্দারকে কারাগারে পাঠিয়েছে আদালত।
শুক্রবার গ্রেপ্তারের পর শনিবার দুপুরে শামীম এস্কান্দারকে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সম্পদের তথ্য গোপনের অভিযোগে শামীম এস্কান্দারের বিরুদ্ধে রমনা থানায় দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলা রয়েছে। তবে তাকে জরুরি বিধিমালায় গ্রেপ্তার করা হয়।
শনিবার দুপুর ১২টার আদালতে হাজির করার পর জামিনের আবেদন করেন শামীম এস্কান্দারের আইনজীবীরা। আবেদনে বলা হয়, শামীম এস্কান্দারের বয়স ৬০ বছর, তিনি হৃদরোগী।
শামীম এস্কান্দারের আইনজীবী মুহ. হোসেন আলী খান হাসান ও মো. তাহেরুল ইসলাম আদালতে বলেন, তার বিরুদ্ধে মামলাটি তদন্তের পর্যায়ে আছে। দুর্নীতি দমন কমিশনের আইনে অভিযোগপত্র দাখিলের আগে তদন্ত পর্যায়ে অভিযুক্তকে গ্রেপ্তার করার বিধান নেই। অথচ এ ক্ষেত্রে ব্যতিক্রম হয়েছে।
আইনজীবীরা জানান, একই মামলার আসামি শামীম এস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন।
এ সময় হাকিম এ এম জুলফিকার হায়াত বলেন, জরুরি বিধিমালার মামলায় জামিনের আবেদন বিবেচনার এখতিয়ার এ আদালতের নেই।
এরপর বিচারক শামীম এস্কান্দারকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তখন আইনজীবীরা কারাগারে শামীমের চিকিৎসা ও প্রথম শ্রেণির মর্যাদা দেওয়ার আবেদন জানালে বিচারক এক্ষেত্রে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
আদালতের কাঠগড়ায় কানিজ ফাতেমা স্বামীর পাশেই ছিলেন।
শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাসা থেকে বের হওয়ার সময় শামীম এস্কান্দারকে গ্রেপ্তার করে পুলিশ। সাময়িক মুক্ত ভাগ্নে আরাফাত রহমান কোকো তখন ওই বাসায় ছিলেন।
চিকিৎসার জন্য কোকোকে বৃহস্পতিবার সাত শর্তে দুই মাসের জন্য মুক্তি দেয় সরকার। শনিবার দুপুরে তিনি ব্যাংকক রওনা হয়েছেন।
শামীম এস্কান্দারের বোন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও অপর ভাগ্নে তারেক রহমান বর্তমানে কারাগারে রয়েছেন। শামীমের ভাই সাঈদ এস্কান্দার বিএনপির সহসভাপতি ও সাবেক সাংসদ।
শামীম এস্কান্দারের প্রেপ্তারের প্রতিক্রিয়ায় বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন শনিবার সাংবাদিকদের বলেছেন, "অসুস্থ আরাফাত রহমান কোকোকে ছেড়ে দেওয়ায় জনমনে যে আশার সঞ্চার হয়েছে, শামীমকে আটকে তা প্রশ্নের মুখে পড়েছে।"
খালেদা জিয়ার ওপর চাপ সৃষ্টি করতেই শামীম এস্কান্দারকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেন দেলোয়ার হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএম/এমআই/১৩৫৮ ঘ.
bdnews24