২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রাম ও মানিকগঞ্জে তিন গৃহবধূ খুন

কুড়িগ্রাম ও মানিকগঞ্জে পৃথক ঘটনায় তিন গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে কুড়িগ্রামে নুরুন্নাহার ময়না (৩৫) নামে এক গৃহবধূকে নির্যাতনের পর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা করে তার স্বামী। আর মানিকগঞ্জ সদর উপজেলার খাগড়াখড়ি ও সাটুরিয়া উপজেলার গোলড়া গ্রামে বৃহস্পতিবার রাতে খুন হন দুই গৃহবধূ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2008, 06:59 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রাম ও মানিকগঞ্জে পৃথক ঘটনায় তিন গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে কুড়িগ্রামে নুরুন্নাহার ময়না (৩৫) নামে এক গৃহবধূকে নির্যাতনের পর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা করে তার স্বামী। আর মানিকগঞ্জ সদর উপজেলার খাগড়াখড়ি ও সাটুরিয়া উপজেলার গোলড়া গ্রামে বৃহস্পতিবার রাতে খুন হন দুই গৃহবধূ। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর- কুড়িগ্রাম: শহরের হিঙ্গনরায় (ডাকবাংলা পাড়া) এলাকায় নুরুনাহার ময়না (৩৫) নামে এক গৃহবধূকে নির্যাতনের পর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ময়নার বড় ভাই আবুল হোসেন শুক্রবার কুড়িগ্রাম সদর থানায় এ ব্যাপারে একটি মামলা করেছেন। এজাহারের বরাত দিয়ে সদর থানার উপ-পরিদর্শক শহীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কুড়িগ্রাম প্রতিনিধিকে জানান, ময়নার স্বামী শাহাদাৎ হোসেন বৃহস্পতিবার সকালে যৌতুকের জন্য স্ত্রীকে মারধর করেন। এক পর্যায়ে ময়না সংজ্ঞাহীন হয়ে পড়লে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন শাহাদাত। ময়নার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে কুড়িগ্রাম হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাত ১২টার দিকে ময়নার মৃত্যু হয়। ওই দম্পতির প্রতিবেশী আব্দুল ওয়াদুদ ও চাঁদ মিয়া বিডিনিউজকে জানান, ময়নার শরীরে আগুন ধরিয়ে দিয়েছিল শাহাদত। ময়নার ছোট ছেলে শাহিনুর রহমান জানান, তার মা যন্ত্রণায় ছটফট করলেও বাবা কাউকে কাছে যেতে দেননি। পরে চাচা বাবু এসে শরীরে পানি ঢেলে আগুন নেভায়। শাহাদাতের দ্বিতীয় স্ত্রী দুলালী বলেন, "তিনি (শাহাদাত) খুবই রাগী মানুষ। মাঝে মধ্যে তাকে (ময়নাকে) মারধোর করতো।" তবে শাহাদাত স্ত্রীকে আগুন পুড়িয়ে মারার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, "পারিবারিক বিষয় নিয়ে রাগারাগির এক পর্যায়ে ময়না নিজেই শরীরে আগুন লাগিয়ে দেয়।" ময়না ও শহীদের তিনটি সন্তান রয়েছে। মানিকগঞ্জ: সদর উপজেলার খাগড়াখড়ি ও সাটুরিয়া উপজেলার গোলড়ায় বৃহস্পতিবার দুই গৃহবধূ খুন হয়েছেন। নিহতরা হলেন- খাগড়াখড়ি গ্রামের রঞ্জিত মণ্ডলের স্ত্রী সরস্বতী (২২) ও গোলড়া গ্রামের ইসমত আরা (২৫)। উভয় ঘটনায় পৃথক হত্যা মামলা হয়েছে। পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। সদর থানার উপ-পরিদর্শক আব্দুল আওয়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরকীয়া প্রেমের জের ধরে রঞ্জিত তার স্ত্রী সরস্বতীকে হত্যা করেছেন।" ওই পুলিশ কর্মকর্তা জানান, বছর চারেক আগে রঞ্জিত মন্ডল (৩৬) ঘিওর উপজেলার বানিয়াজুরী গ্রামের নৃপেন সরকারের মেয়ে সরস্বতীকে বিয়ে করে। কিন্তু বিয়ের বছর দুয়েক পর রঞ্জিত আরেক নারীর প্রতি আসক্ত হয়ে পড়েন। এ নিয়ে স্ত্রীর সঙ্গে তার কলহ শুরু হয়। এর জের ধরেই বৃহস্পতিবার রাত ৮টার দিকে রঞ্জিত তার পোল্ট্রি ফার্মের ভেতরে চাপাতি দিয়ে কুপিয়ে সরস্বতীকে খুন করেন। এ ব্যাপারে সরস্বতীর মামা প্রদীপ মণ্ডল সদর থানায় একটি হত্যা মামলা করেছেন। রঞ্জিত পোল্ট্রি ফার্মের তত্ত্বাবধায়ক আতোয়ার সাংবাদিকদের জানান, পরকীয়া প্রেমের কারণে স্ত্রীর সঙ্গে রঞ্জিতের দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। রঞ্জিত তার অফিসে বসে নিয়মিত নেশা করতেন এবং প্রেমিকার সঙ্গে কথা বলতেন। তবে রঞ্জিত স্ত্রী হত্যার কথা অস্বীকার করে বলেছেন, অফিসে ফ্যানের আঘাতে তার স্ত্রীর মাথা কেটে যায়। সদর হাসপাতালের চিকিৎসক মো. তোফাজ্জেল হোসেন জানান, সরস্বতীর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল। অতিরিক্ত রক্ষক্ষরণে তার মৃত্যু হয়। এদিকে সাটুরিয়া উপজেলার গোলপাড়া গ্রামে এক সন্তানের জননী ইসমত আরাকে বৃহস্পতিবার রাতে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ব্যাপারে তার স্বামী একরামুল হক রবিনের বিরুদ্ধে মামলা করেছেন ইসমত আরার মামা ইকবাল হোসেন। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, রবিন যৌতুকের জন্য স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/জেকে/০১০০ ঘ.