ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচআরসি গ্র"পের কর্ণধার ব্যবসায়ী সাঈদ হোসেন চৌধুরীকে কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে আদালত। শুক্রবার দুপুরে গ্রেপ্তারের পর তাকে মহানগর মুখ্য হাকিমের আদালতে হাজির করা হয়েছিল। (আরো তথ্যসহ)
সাঈদ হোসেন চৌধুরীকে জরুরি বিধিমালায় গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
হাকিম এ এম জুলফিকার হায়াত সাঈদ চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে বলেন, জরুরি বিধিমালার মামলায় জামিনের আবেদন শুনানির এখতিয়ার তার আদালতের নেই।
সাঈদ হোসেন চৌধুরীর বিরুদ্ধে জরুরি বিধিমালায় মানি লন্ডারিংয়ের অভিযোগ দায়ের করা হয়েছে। সকালে গুলশানের বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গুলশান থানায় দায়ের করা সাধারণ ডায়েরিতে বলা হয়, "গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে জানা গেছে, সাঈদ হোসেন চৌধুরী মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িত। তিনি এর মাধ্যমে দেশের অর্থনীতি ধ্বংসের সঙ্গে লিপ্ত। নিজের অর্থ দিয়ে অন্যের নামে সম্পদ কিনে নিজে ভোগ করছেন। তিনি অর্থ পাচার করছেন এবং যে কোনো সময় পালিয়ে যেতে পারেন।"
গুলশান থানার উপ পরিদর্শক মুহ. শহীদুল্লাহ এ সাধারণ ডায়েরি করেন।
দুপুর ২টার পর সাঈদ চৌধুরীকে মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। তার জামিনের আবেদনে বলা হয়, সাঈদ হোসেন চৌধুরী এইচআরসি লিমিটেডের প্রধান নির্বাহী ও চেয়ারম্যান। এ প্রতিষ্ঠানের অধীনে ১৮টি সহ প্রতিষ্ঠান রয়েছে যেখানে হাজার হাজার কর্মী রয়েছেন। তার গ্রেপ্তারে কর্মকর্তা-কর্মচারীরা ক্ষতিগ্রস্ত হবেন।
সাঈদের আইনজীবী অ্যাডভোকেট মুহ.সাইফুল ইসলাম ও মাসুম বিল্লাহ তার মানিলন্ডারিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গুলশানের বাসা থেকে সাঈদ হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করা হয় বলে জানান গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "জরুরি বিধিমালার ১৬ এর ২ ধারা ভঙ্গের অভিযোগে সাঈদ হোসেন চৌধুরীকে তার গুলশানের ৯৮ নম্বর রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।"
শিল্পপতি ও ব্যবসায়ী সাঈদ হোসেন চৌধুরী যায়যায়দিন এর সম্পাদকমণ্ডলীর সভাপতি ও নিউ এজ পত্রিকার বড় অংশের সত্ত্বাধিকারী। এছাড়া তিনি ওয়ান ব্যাংকের একজন পরিচালক। সাঈদ হোসেন চৌধুরী আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর ভাই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমএআর/এমআই/এলএইচ/এসএম/এসকে/১৭০৫ঘ.
bdnews24