ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এক স্কুলছাত্রীকে। বৃহস্পতিবার তার লাশ উদ্ধার করা হয়।
রংপুরে বৃহস্পতিবার পিটিয়ে হত্যা করা হয়েছে এক শিশুকে। পুকুরে গোসল করার কারণে তাকে পিটিয়ে মারা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
আমাদের মৌলভীবাজার প্রতিনিধি জানান, শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের খেজুরছড়া চা বাগানের র্যানার উচ্চ বিদ্যালয়ের ষষ্ট শ্রেণীর ছাত্রী আদুরী সবরকে (১৪) বুধবার রাতে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত স্কুলছাত্রী আদুরীর সবরের বাসা সিন্দুরখান চা বাগানের ৪ নম্বর লাইনে। তার বাবা অনন্ত সবর ওই বাগানের চা শ্রমিক।
অনন্ত সবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রান্না সেরে রাত ১০টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে আদুরী ঘরের বাইরে যায়। কিন্তু অনেকক্ষণ খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ঘর থেকে প্রায় দুইশ' গজ দূরে বা বাগানের বীজ তলা থেকে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে জানানো হয় সে মারা গেছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদ উল্ল্যা জানান, নিহত স্কুল ছাত্রীর বাবা অনন্ত সবর দুপুরে থানায় লিখিত অভিযোগ করেছেন।
উপ-পরিদর্শক আব্দুল্লাহ ভূঁইয়া ঘটনাস্থল থেকে ফিরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদুরীকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ধর্ষণের পর তাকে শ্বাসরোধ করে দুর্বৃত্তরা হত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
রংপুর প্রতিনিধি জানান, পুকুরে গোসল করার অপরাধে আরিফ হোসেন (৯) নামে এক শিশুকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা হয়েছে।
আরিফ শহরের খামারপাড়া চুড়িপট্টি এলাকার বাসিন্দা দিনমজুর আইনুল হকের ছেলে।
কোতয়ালী থানার ওসি আলী আহাম্মেদ হাশেমী জানান, আরিফ এলাকার আবু তালেবের মৎস্য খামারের পুকুরে গোসল করতে যায়। এতে বাধা দেয় খামারের তত্ত্বাবধায়ক শহিদুল ও প্রহরী নাজমুল। কিন্তু আরিফ বাধা না শুনে পুকুরে গোসল করায় ক্ষিপ্ত হয়ে ওই দুজন মিলে আরিফকে লাঠি দিয়ে পেটাতে থাকে। এতে ঘটনাস্থলেই আরিফ মারা যায়।
তিনি জানান, ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে নিহতের বাবা আইনুল হক একটি হত্যা মামলা করেছেন। তবে ঘাতক দুজনের কাউকেই এখন পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২২০৭ ঘ.
bdnews24