২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মাসব্যাপী বৃক্ষমেলা শুরু

চট্টগ্রামে মাসব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে বৃহস্পতিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2008, 03:58 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

চট্টগ্রাম, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে মাসব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে বৃহস্পতিবার। নগরীর আউটার স্টেডিয়ামে চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত এ মেলায় অংশ নিয়েছে বিভিন্ন নার্সারির ৪০টি স্টল। এসব স্টলে বনজ, ফলদ ও ফুলের চারা প্রদর্শন ও বিক্রি ব্যবস্থা রয়েছে। মেলায় স্টল খোলা থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বন ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যারিষ্টার রাজা দেবাশীষ রায় মেলা উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে দেবাশীষ রায় বলেন, "বন বিভাগের একার পক্ষে দেশের বনাঞ্চল রক্ষা করা সম্ভব নয়। পরিবেশ বাঁচাতে বন রক্ষায় তিনি সবাইকে এগিয়ে আসতে হবে।" তিনি বলেন, "বিশ্বে জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত দেশগুলোই দায়ী। বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোকে এর নেতিবাচক প্রভাব ভোগ করতে হচ্ছে।" দেবাশীষ রায় বলেন, "বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে বিশ্বের পরিবেশ রক্ষায় বাংলাদেশ ইতিবাচক ভূমিকা রাখছে।" তিনি আরও বলেন, "সবুজ বনায়ন প্রকল্পের আওতায় এ বছর দেশে দশ কোটি গাছের চারা লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে সরকার উদ্যোগে লাগানো হবে ৩ কোটি চারা। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থার উদ্যোগে বাকি সাত কোটি চারা লাগানো হবে।" সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র এম. মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- প্যানেল মেয়র রেখা আলম চৌধুরী, মহিলা কাউন্সিলর আফরোজা কালাম, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খায়রুল আলম, চট্টগ্রামের বিভাগীয় বন সংরক্ষক আনোয়ার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে রাজা দেবাশীষ রায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/২১৪৪ ঘ.