২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নয় জেলায় দুর্নীতি বিরোধী সমাবেশ করবে দুদক ও টিআইবি

দুনীর্তি বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নয়টি জেলায় 'তরুণ সমাবেশ' করবে দুনীর্তি দমন কমিশন (দুদক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2008, 01:28 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুনীর্তি বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নয়টি জেলায় 'তরুণ সমাবেশ' করবে দুনীর্তি দমন কমিশন (দুদক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সমাবেশে প্রখাত শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, দুনীর্তি বিরোধী শপথ গ্রহণ, কার্টুন প্রদর্শনীর পাশাপাশি দুনীর্তি বিরোধী পোস্টার ও লিফলেট বিতরণ করা হবে। ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তথ্য জানিয়ে টিআইবি'র জ্যেষ্ঠ পরামর্শক কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, "২৩ জুলাই চাঁপাই নবাবগঞ্জ, ১২ আগস্ট সাতক্ষীরায়, ১৯ আগস্ট বরিশালে, ২৬ আগস্ট রংপুরে, ১৩ অক্টোবর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ২০ অক্টোবর চাঁদপুরে, ২৩ অক্টোবর কুমিল্লায়, ২৯ অক্টোবর ময়মনসিংহে এবং ৫ নভেম্বর ফরিদপুরে তরুণ সমাবেশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।" তিনি জানান, গত বছরের ৯ ডিসেম্বর আন্তজার্তিক দুনীর্তি বিরোধী দিবসে আনুষ্ঠানিকভাবে 'জাগো মানুষ' ক্যাম্পেইন শুরু করে দুদক ও টিআইবি। এরই ধারাবাহিকতায় গত ৮ মার্চ আন্তজার্তিক নারী দিবসে ঢাকার গুলশান ইয়ুথ ক্লাব মাঠে অনুষ্ঠিত হয় 'তরুণ সমাবেশ'। সেখানে প্রায় ৩৫ হাজার তরুণ দুনীর্তি বিরোধী শপথ নেয়। গত ১০ ও ১১ মে চট্টগ্রামের পটিয়ায় দুনীর্তি বিরোধী তরুণ সমাবেশে আরো প্রায় ৪০ হাজার তরুণ শপথ নেয় বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। সাজ্জাদ হোসেন বলেন, "পরিকল্পনা অনুযায়ী আগামী ১৬ ডিসেম্বর ঢাকায় এ ক্যাম্পেইনের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।" সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন দুদকের উপ পরিচালক আফজালুর রহমান ও সঙ্গীতশিল্পী মেহেরীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসএনডি/১৯২৪ ঘ.