২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ধর্ষণ ও হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

পুঠিয়া উপজেলায় কলেজ ছাত্রী ধর্ষণ ও হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2008, 12:47 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

রাজশাহী, জুলাই ১৭ (বিডিনিউিজ টোয়েন্টিফোর ডটকম)- পুঠিয়া উপজেলায় কলেজ ছাত্রী ধর্ষণ ও হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাজশাহীর দ্রুত বিচার আদালতের বিচারক এটিএম মেসবাউদ্দৌলা এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন- পুঠিয়ার নওপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ও রাজশাহী কলেজের ছাত্র সাইফুর রহমান সোহান, তার সহযোগী আশরাফুল, মাসুদ ও হাড়রাথি গ্রামের মামুনুর রশিদ। রায় ঘোষনার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। গত বছর ৩০ জানুয়ারি সকালে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে নওপাড়ার আফছার আলীর মেয়ে ও ধোকড়াকুল ডিগ্রি কলেজের ছাত্রী আফরোজা বেগমকে তুলে নিয়ে ধর্ষণ ও হত্যা করে সোহান ও তার তিন সহযোগী। সোহানের সঙ্গে আফরোজার প্রেমের সম্পর্ক ছিল। এ কারণে আফরোজার বড় বোনের সঙ্গে কথা কাটাকাটি হয় এবং এ নিয়ে সালিশ বৈঠকে সোহানের জরিমানা হয়। এর জের ধরে সোহান তার সহযোগীদের নিয়ে আফরোজাকে হত্যা করে লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। এ ঘটনায় আফরোজার বাবা আফছার আলী ৩১ জানুয়ারি পুঠিয়া থানায় সোহান, মাসুদ, মামুনুর রশিদ ও আশরাফুলের বিরুদ্ধে মামলা করেন। একই বছর ২৯ জুলাই মামলার অভিযোগপত্র দেওয়া হয়। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মুনসুুর রহমান ও শরৎ চন্দ্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪২ ঘ.