২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোট আমলে বাদ পড়া ১০ বিচারপতিকে স্থায়ী নিয়োগের নির্দেশ

সাবেক চারদলীয় জোট সরকারের আমলে বাদ পড়া ১০ বিচারপতিকে এক মাসের মধ্যে স্থায়ী নিয়োগ দিতে বৃহস্পতিবার সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগ পাওয়া এই বিচারপতিদের নিয়োগ স্থায়ী না করে ২০০২ ও ২০০৩ সালে বাদ দেওয়া হয়েছিল। তাদের স্থায়ী নিয়োগের জন্য প্রধান বিচারপতির সুপারিশ তখন আমলে নেননি রাষ্ট্রপতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2008, 12:01 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক চারদলীয় জোট সরকারের আমলে বাদ পড়া ১০ বিচারপতিকে এক মাসের মধ্যে স্থায়ী নিয়োগ দিতে বৃহস্পতিবার সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগ পাওয়া এই বিচারপতিদের নিয়োগ স্থায়ী না করে ২০০২ ও ২০০৩ সালে বাদ দেওয়া হয়েছিল। তাদের স্থায়ী নিয়োগের জন্য প্রধান বিচারপতির সুপারিশ তখন আমলে নেননি রাষ্ট্রপতি। আদালত বলেছে, 'প্রধান বিচারপতি পরামর্শ মানার রেওয়াজ আছে, অতীতে এই রেওয়াজ মানা হয়েছে এবং এই রেওয়াজ মানা উচিত।' রাষ্ট্রপতির সিদ্ধান্তের বিরুদ্ধে ২০০৩ সালে অ্যাডভোকেট ইদ্রিসুর রহমান ও আবদুল আওয়ালের করা দুটি রিট আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি এম এ রশিদ, বিচারপতি এস কে সিনহা ও বিচারপতি নাজমুন আরা সুলতানার বিশেষ বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেয়। রায়ে বিচারপতি আব্দুস সালাম, মমতাজ উদ্দিন আহমেদ, সামসুল হুদা, ফারুক আহমেদ, মরযি উল হক, আব্দুর রাজ্জাক, হাসান ফয়েজ সিদ্দিকী, এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, আবদুল হাই ও নিজামুল হক নাসিমকে স্থায়ীভাবে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। এই ১০ বিচারপতিকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগের সময় থেকে জ্যেষ্ঠতা দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। বাদ পড়ার পর থেকে হাইকোর্টের আদেশে স্থায়ী নিয়োগ না পাওয়া পর্যন্ত সময়টুকু তাদের জন্য 'বিনা বেতনে বিশেষ ছুটি' হিসেবে গণ্য করা হবে। হাইকোর্ট এই ১০ বিচারপতিকে বাদ দেওয়াকে অবৈধ ঘোষণা করেছে। আদালত রায়ের ছয় অভিমতে বলেছে, সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী অতিরিক্ত বিচারপতিদের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগের সময় প্রধান বিচারপতির পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি নিয়োগ প্রদান করেন, এ সুপারিশ মানা বাধ্যতামূলক। অভিমতে বলা হয়, প্রধান বিচারপতির সুপারিশ রাষ্ট্রপতির পছন্দ না হলে পুনর্বিবেচনার জন্য তিনি প্রধান বিচারপতির কাছে পাঠাতে পারেন। এ প্রসঙ্গে বলা হয়, 'কেন প্রধান বিচারপতির সুপারিশ মানা হয়নি তা তাকে জানাতে হবে।' রায়ে বলা হয়েছে, এই ১০ অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী নিয়োগের জন্য প্রধান বিচারপতির সুপারিশ থাকায় স্থায়ী নিয়োগ পাওয়ার প্রত্যাশা তারা আইনগতভাবেই করতে পারেন। 'এই ১০ বিচারপতিকে স্থায়ী নিয়োগ না করা সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী সংবিধানের লঙ্ঘন ও অবৈধ।' রায়ের পর মামলার এমিকাস কিউরি ড. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, "হাইকোর্টের এই ১০ অতিরিক্ত বিচারপতি দু'বছর পর্যন্ত যোগ্যতার সঙ্গে বিচারকের দায়িত্ব পালন করেছেন। তাদের কাজে সন্তুষ্ট হয়ে প্রধান বিচারপতি তাদের স্থায়ী নিয়োগের জন্য সুপারিশ করেছিলেন। প্রধান বিচারপতির সুপারিশ উপেক্ষা করে তাদের স্থায়ী নিয়োগ না দেওয়ায় সংবিধান লঙ্ঘন হয়েছে।" তিনি বলেন, "বিচার বিভাগ রাষ্ট্রের একটি স্তম্ভ। সেই স্তম্ভে আঘাত হানা হয়েছে। হাইকোর্ট তার রায়ে এই স্তম্ভকে রক্ষা করতে পেরেছে। সংবিধানকে সমুন্নত রাখা হয়েছে। হাইকোর্টের এ রায়ে দেরিতে হলেও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। একটি একটি স্মরণীয় রায়। বিচার বিভাগ সংবিধানের প্রহরীর ভূমিকা রেখেছে।" রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার আমীর উল ইসলাম বলেন, "সংবিধানকে সমুন্নত রাখার জন্য এটি একটি বলিষ্ঠ রায়। এতে বিচার বিভাগের স্বাধীনতা সমুন্নত হবে, বলিষ্ঠ হবে।" স্থায়ী নিয়োগ বঞ্চিত বিচারপতি এ এইচ এম শামসুুদ্দিন চৌধুরী রায়ের প্রতিক্রিয়ায় বলেন, "সম্পূর্ণ রাজনৈতিক বিবেচনায় আমাদের স্থায়ী করা হয়নি। তখনকার প্রধান বিচারপতি মাইনুর রেজা চৌধুরী আমাদের স্থায়ী নিয়োগের জন্য সুপারিশ করেছিলেন।" তিনি বলেন, "একজন অতিরিক্ত বিচারপতি ঠিকমতো কাজ করতে পেরেছেন কিনা তার যোগ্যতা বিচারের ক্ষমতা প্রধান বিচারপতির। সেই যোগ্যতা বিচার করে প্রধান বিচারপতি যে সুপারিশ করেছিলেন তা লঙ্ঘন করা কেবল বেআইনি নয়, অন্যায়ও। বিচারক থাকলেও আমরা তখন ন্যায়বিচার পাইনি। হাইকোর্টের রায়ে এখন ন্যায়বিচার পেয়েছি।" আরেক স্থায়ী নিয়োগ বঞ্চিত বিচারপতি আবদুস সালাম বলেন, "সারাজীবন ন্যায়বিচার করেছি। কোনো চাপের কাছে নতিস্বীকার করিনি। তাই আমাদের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়নি।" বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাইকোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, "এ রায়ে আমরা খুশি।" বিচারপতি নিজামুল হক নাসিম বলেন, "রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।" স্থায়ী নিয়োগ না দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৩ সালের ৪ ফেব্র"য়ারি বিচারপতি আব্দুস সালাম ও বিচারপতি মমতাজউদ্দিন আহমেদের পক্ষে রিট করেন অ্যাডভোকেট ইদ্রিসুর রহমান। এর পরিপ্রেক্ষিতে ওই বছরের ৪ মে হাইকোর্ট সরকারের প্রতি রুল জারি করে। পরে অন্য বিচারপতিদের পক্ষে অ্যাডভোকেট আবদুল আওয়াল আরেকটি রিট আবেদন করলে হাইকোর্ট একই রুল জারি করে। বিচারপতি আব্দুস সালাম ও মমতাজ উদ্দিন আহমেদ ১৯৯৯ সালের ২৪ অক্টোবর অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন। দুই বছর পর আবার তাদের চাকরির মেয়াদ এক বছর বাড়ানো হয়। এরপর ২০০২ সালের ২২ অক্টোবর তাদের বাদ দেওয়া হয়। বিচারপতি সামসুল হুদা, ফারুক আহমেদ, মরযি উল হক, আব্দুর রাজ্জাক, হাসান ফয়েজ সিদ্দিকী ও আবদুল হাই অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান ২০০১ সালের ২২ ফেব্র"য়ারি। এরপর ২০০৩ সালের ২২ ফেব্র"য়ারি তাদের বাদ দেওয়া হয়। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক ও নিজামুল হক নাসিম অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান ২০০১ সালের ৩ জুলাই। তাদের বাদ দেওয়া হয় ২০০৩ সালের ৩ জুলাই। দীর্ঘ শুনানির পর দেওয়া রায়ে আদালত বলেছে, মূল সংবিধানে প্রধান বিচারপতির পরামর্শে রাষ্ট্রপতি বিচারপতিদের নিয়োগ করবেন বলে বিধান ছিল। কিন্তু সংবিধানের চতুর্থ সংশোধনীতে সেই বিধান বাদ দেওয়া হয়েছে। কিন্তু তারপরও প্রধান বিচারপতির সুপারিশ অনুযায়ী বিচারক নিয়োগের রেওয়াজ চলে আসছে। রায়ে বলা হয়, ১৯৯৪ সালে এ রেওয়াজ একবার ভঙ্গ হয়েছিল। তবে পরে তা সংশোধন করে প্রধান বিচারপতির সুপারিশে বিচারপতি নিয়োগ দেওয়া হয়। রায়ে আরো বলা হয়, প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের অন্য বিচারপতিরা দায়িত্ব পালনে স্বাধীন হবেন। বিচারপতিরা বিচার বিভাগীয় কর্মকর্তা। প্রধান বিচারপতির সুপারিশ অনুযায়ী বিচারপতি নিয়োগের প্রথা সারা পৃথিবীতে স্বীকৃত। রিটকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার আমীর উল ইসলাম, ড. শাহদীন মালিক। আদালতের সহায়তাকারী (এমিকাস কিউরি) হিসেবে বক্তব্য রাখেন ড. কামাল হোসেন, ব্যারিস্টার শফিক আহমেদ, ব্যারিস্টার রফিক উল হক, আজমালুল হোসেন কিউসি, সিনিয়র অ্যাডভোকেট টি এইচ খান ও সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম। সরকার পক্ষে বক্তব্য দেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. জাফর ইমাম। তবে তিনি রুলের বিরোধিতা করে কোনো বক্তব্য রাখেননি। আদালত অ্যাটর্নি জেনারেলকে এ মামলা পরিচালনার জন্য ডাকলেও তিনি আসেননি বলে রায়ে উল্লেখ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএইচবি/২১৪৭ ঘ.