ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে সম্পত্তির মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপনের দায়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের সাবেক প্রশাসনিক কর্মকর্তা মো. আবুল কালাম শামসুদ্দিনকে ১৩ বছরের কারাদণ্ড ও ১০ লাখ জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক তানজীনা ইসমাইল এ রায় ঘোষণা করেন। শামসুদ্দিনের অবৈধভাবে অর্জিত প্রায় পাঁচ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছেন তিনি।
আসামি শামসুদ্দিন পলাতক রয়েছেন। তার আটক বা আত্মসমর্পণের দিন থেকে সাজার মেয়াদ কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়।
দুটি ধারায় দেওয়া সাজার মধ্যে অবৈধভাবে সম্পত্তি অর্জনের দায়ে শামসুদ্দিনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং সম্পদের তথ্য গোপনের অপরাধে আরও ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই দণ্ড পর্যায়ক্রমে কার্যকর হবে। অর্থাৎ তাকে মোট ১৩ বছর সাজা ভোগ করতে হবে।
দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক শেখ আব্দুস সালাম গত বছরের ১৩ নভেম্বর পল্টন থানায় এ মামলা দায়ের করেন।
এতে অভিযোগ করা হয়, আবুল কালাম শামসুদ্দিন অবৈধভাবে ৪ কোটি ৯৫ লাখ ৬৭ হাজার টাকার সম্পত্তির মালিক হয়েছেন এবং কমিশনে দাখিল করা সম্পদের হিসাব বিবরণীতে এ সম্পদের তথ্য গোপন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/১৭২০ ঘ.
bdnews24