ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেজগাঁও ট্রাকস্ট্যান্ড সংলগ্ন রেল লাইনের পাশ থেকে বৃহস্পতিবার এক তরুণীর (২৬) লাশ উদ্ধার করেছে।
সকাল ১১টার দিকে একটি বাঁশের ঝুড়িতে শাক দিয়ে ঢেকে রাখা তরুণীটির লাশ দেখতে পায় কিছু টোকাই। ঘটনাটি জানতে পেরে লাশটি পরে উদ্ধার করা হয় বলে জানান শিল্পাঞ্চল থানার উপ পরিদর্শক মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, "কামিজ সালোয়ার পরা লাশটির গায়ে ছাই রংয়ের বোরখা ছিল। গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়া তরুণীর বাম চোখ ও থুতনীর নিচে আঘাতের চিহ্ন রয়েছে।"
আসাদুজ্জামান বলেন, অন্য কোথাও হত্যার লাশটি তেজগাঁওয়ে ফেলে যেতে পারে দুর্বৃত্তরা। চলন্ত ট্রেন থেকেও ঝুড়িটি ফেলা হতে পারে।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শিল্পাঞ্চল থানায় একটি মামলা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/১৭১১ ঘ.
bdnews24