২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের 'ক্রসফায়ারে' ছাত্রদল নেতা সেন্টু নিহত

নগরীর কাশিপুর-লাকোটিয়া সড়কের পাশে বুধবার ভোরে র‌্যাবের সঙ্গে 'ক্রসফায়ারে' তালিকাভুক্ত এক সন্ত্রাসী নিহত হয়েছে বলে র‌্যাব দাবি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2008, 05:30 AM

Updated : 26 Aug 2022, 02:07 PM

বরিশাল, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর কাশিপুর-লাকোটিয়া সড়কের পাশে বুধবার ভোরে র‌্যাবের সঙ্গে 'ক্রসফায়ারে' তালিকাভুক্ত এক সন্ত্রাসী নিহত হয়েছে বলে র‌্যাব দাবি করেছে। এদিকে বিএনপি এ ঘটনাকে 'হত্যাকাণ্ড' দাবি করে এর তীব্র নিন্দা এবং বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে। নিহত ব্যক্তি হলেন বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি মশিউল আলম সেন্টু (৩৫)। সেন্টু বরিশাল সরকারি বিএম কলেজের সাবেক ভিপি ছিলেন। তার বাড়ি নগরীর কাউনিয়া এলাকায়। র‌্যাব-৮ এর লে. কমান্ডার কে এম মামুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবার বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে র‌্যাব-৩ এর সদস্যরা সেন্টুকে আটক করে র‌্যাব-৮ এর কাছে হস্তান্তর করে।" ভোর সোয়া চারটার দিকে র‌্যাব-৮ এর সদস্যরা সেন্টুকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য মাওয়া থেকে কাশিপুর-লাকোটিয়া সড়কের পাশে যাওয়ার পর তার সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি করে। এসময় র‌্যাবও পাল্টা গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সেন্টু মারা যায়। ঘটনাস্থল থেকে র‌্যাব সদস্যরা ১টি একে ৪৭, ১টি শট গান, একটি বন্দুক, ১টি পিস্তল ও বেশ কিছু গুলি উদ্ধার করেছে। তবে সেন্টুর সহযোগীদের আটক করতে পারেনি। কোতেয়ালী মডেল থানার সহকারী পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"এলাকার তলিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সেন্টুর বিরুদ্ধে হত্যাসহ ১৯টি মামলা রয়েছে।" এদিকে বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বুধবার এক বিবৃতিতে সেন্টু 'হত্যাকাণ্ডে' তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, "প্রতিবাদী জনগণকে ভীতি প্রদর্শনের মাধ্যমে স্তব্ধ করে দেওয়ার উদ্দেশ্যেই ছাত্রনেতা সেন্টুকে হত্যা করা হয়েছে।" তিনি সেন্টু 'হত্যার' বিচার বিভাগীয় তদন্ত এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএনএ/১১১৬ ঘ.