ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদক ব্যবসা লাভজনক হওয়ায় অনেক ধনী ব্যক্তি এতে অর্থ লগ্নি করছে; যাদের কাছে পৌঁছনো খুবই কঠিন। এ কথা খোদ পুলিশ প্রধান নূর মোহাম্মদের।
মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইনে 'মাদক প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা: অতীত, বর্তমান ও ভবিষ্যত' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ মাদকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, সম্মিলিত উদ্যোগ ছাড়া এ ক্ষেত্রে সফল হওয়া যাবে না।
মাদকের মতো মানব পাচার ও অবৈধ অস্ত্রের ব্যবসাও লাভজনক হওয়ায় বিত্তবান অনেকেই এ সব ব্যবসায় টাকা খাটাচ্ছে বলে অভিযোগ করেন পুলিশ প্রধান।
তিনি বলেন, "পৃথিবীর সব জায়গায় মাদক, মানব পাচার এবং অবৈধ অস্ত্রের ব্যবসা লাভজনক। আর এ কারণেই এসব ব্যবসায় অনেক বিত্তবান অর্থলগ্নি করছে। তাদের কাছে যাওয়া খুবই কঠিন।"
নূর মোহাম্মদ মাদকের প্রসারের জন্য রাজনৈতিক সরকারগুলোর অদূরদর্শিতাকে দায়ী করেন।
তিনি বলেন, "রাজনৈতিক সরকারগুলোর অদূরদর্শিতার কারণে মাদকের প্রসার ঘটে থাকে। আগামীতে যে সরকার ক্ষমতায় আসবে, মাদক নিয়ন্ত্রণে তাদের অঙ্গীকার থাকতে হবে। তা হলেই এসব অবৈধ ব্যবসা করার সাহস কেউ দেখাতে পারবে না।"
স্থানীয় পর্যায়ে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে পুলিশ বাহিনী তৎপর রয়েছে জানিয়ে নূর মোহাম্মদ বলেন, "নির্বাচন অর্থবহ করার লক্ষ্যে সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য পুলিশ বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।"
সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, ভারতে পালিয়ে থাকা সন্ত্রাসীদের ফিরিয়ে আনতে সে দেশের সরকারের সঙ্গে আলোচনা চলছে।
বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্ন্স (বিওয়াইএফসি) নামে একটি সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ প্রধান। বিশেষ সম্মানিত অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ধীরাজ কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার নাইম আহমেদ এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহা পরিচালক হুমায়ুন কবির।
ধীরাজ কুমার নাথ বলেন, "মাদক আইন কঠিন হলেও এ ব্যবসার সঙ্গে যারা জড়িত তাদের কিছুই করা যাচ্ছে না। এদের নিয়ন্ত্রণে রাজনৈতিক নেতাদের প্রতিশ্র"তির পাশাপাশি সর্বস্তরের মানুষকে সুসংগঠিত করতে হবে।"
নাইম আহমেদ বলেন, "সারাদেশে তিন লাখ শিশু রয়েছে, যারা অবহেলিত কিংবা ছিন্নমূল। মাদক ব্যবসায়ীরা এদের দিয়ে মাদক বহন ও বিক্রি করে থাকে। পরবর্তী সময়ে এরাই মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।"
মাদকের প্রসার রোধে ছিন্নমূল শিশুদের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
বিওয়াইএফসি'র চেয়ারম্যান যোসেফ এ রোজারিও'র সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ পড়ে শোনান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রধান অধ্যাপক আজিজুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৮০৫ ঘ.
bdnews24