নীলফামারী, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পানি বাড়ায় নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা ব্যারাজের উজানে চারটি ইউনিয়নের কয়েকটি চর আবার প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে অন্তত পাঁচ হাজার পরিবার।
মঙ্গলবার বিকেলে উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তা বিপদসীমার ৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তীব্র স্রোতে তিস্তা ব্যারাজের ভাটিতে গোলমুণ্ডা এলাকায় তিস্তার ডান তীর রক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে। বাঁধ রক্ষায় প্রায় ১০০মিটার দীর্ঘ বাঁশের পাইলিং নির্মাণ করছে পানি উন্নয়ন বোর্ড।
গত ৬ জুলাই তিস্তার পানি বেড়ে ডিমলা ও জলঢাকা উপজেলার ১২টি চর প্লাবিত হয়েছিল। ওই সময়ও পানিবন্দি হয়ে পড়েছিল কয়েক হাজার পরিবার।
পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডালিয়া পয়েন্টে দুপুর ৩টায় তিস্তা নদী বিপদসীমার ১ সেন্টিমিটার (বিপদসীমা ৫২দশমিক ২৫সেন্টিমিটার) নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। কিন্তু বিকেল সাড়ে ৪টার পর প্রবাহিত হচ্ছিল বিপদসীমার ৩ সেন্টিমিটার উপর দিয়ে।
তিনি জানান, সবচেয়ে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে হলদিবাড়ী গ্রোয়েনের ভাটিতে জলঢাকা উপজেলার গোলমুণ্ডা এলাকায়। এখানে তিস্তা নদীর ভয়াবহ স্রোত প্রচন্ড গতিতে আঘাত হানছে ডান তীর রক্ষা বাঁধে। যে কোন মুহূর্তে প্রধান বাঁধ বিলীন হয়ে যেতে পারে তিস্তা গর্ভে।
আতিকুর রহমান আশঙ্কা প্রকাশ করে বলেন, "গোলমুণ্ডা এলাকায় বাঁধ ভেঙে গেলে তিস্তা নদী প্রবাহিত হবে জলঢাকা উজেলার মধ্য দিয়ে।"
বাঁধ রক্ষায় জরুরি ভিত্তিতে প্রায় ১০০মিটার দীর্ঘ বাঁশের পাইলিং তৈরি করা হ্েচছ বলে তিনি জানান।
এছাড়া খালিশাচাপানী ইউনিয়নের পূর্ব বাইশপুকুর গ্রামে নদীর ভাঙন শুরু হয়েছে। এর মধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে প্রায় ৫ একর জমি।
ডিমলা উপজেলার পুর্ব সাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ব্যারাজের উজানের নিম্নাঞ্চলের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।"
তিনি জানান, পুর্ব সাতনাই ইউনিয়নের ঝাড় সিংহেস্বর, পুর্ব সাতনাই খগাখড়িবাড়ি ইউনিয়নের কিসামতের চর, দোহলপাড়া টেপাখড়িবাড়ি ইউনিয়নের ভাষানীর চর, টাবুর চর, খালিশা চাপানি ইউনিয়নের ছোটখাতা চরের কমপক্ষে পাঁচ হাজার পরিবারের বাড়ি হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪৯ ঘ.
bdnews24