২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা বৃষ্টিতে যানজট-জলাবদ্ধতায় নাকাল চট্টগ্রাম নগররাসী

দুদিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতা ও তীব্র যানজটের কারণে চট্টগ্রাম নগরীর জনজীবন স্থবির হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2008, 01:42 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

চট্টগ্রাম, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুদিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতা ও তীব্র যানজটের কারণে চট্টগ্রাম নগরীর জনজীবন স্থবির হয়ে পড়েছে। রোববার সকাল থেকে বৃষ্টি এবং সন্ধ্যার পর তিন থেকে চার ঘণ্টার প্রবল বর্ষণে নগরীর নিম্নাঞ্চল ও সড়কগুলোতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। মাঝখানে কয়েক ঘণ্টার জন্য বৃষ্টি কমলেও গভীর রাত থেকে আবার শুরু হয়। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত তা অব্যাহত ছিল। পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, রোববার দুপুর বারটা থেকে সোমবার দুপুর বারটা পর্যন্ত ২৪ ঘন্টায় চট্টগ্রামে মোট ১৩৯ দশমিক ৪ মিলিমিটিার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী দু/তিন দিন বৃষ্টির তীব্রতা কমলেও তা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিসের কর্মকর্তা আসাদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মৌসুমী বায়ুর সক্রিয় প্রভাবে ভারি বর্ষণ হচ্ছে। আগামী দুই থেকে তিনদিনের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসতে পারে।" দুদিনের টানা বর্ষণে নগরীর এনায়েত বাজার, জামাল খান, রহমতগঞ্জ, বাকলিয়া, আগ্রাবাদ, হালিশহর, বহদ্দার হাট, জিইসির মোড়, ষোলশহর ২ নং গেইট, মুরাদপুর, চকবাজার এলাকার বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যায়। এসব এলাকায় সড়কের পানি উপচে বাসায় ঢুকলে বাসিন্দাদের দুর্ভোগ চরমে পৌঁছায়। জলাবদ্ধতার কারণে কয়েক ঘন্টার জন্য যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এর ফলে নগরীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। যানজটের কারণে সোমবার সকাল থেকেই ব্যাপক দুভোর্গের শিকার হন অফিসমুখী লোকজন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। দীর্ঘক্ষণ বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে থেকেও বাস, সিএনজি চালিত অটোরিকশা বা অন্য কোন যানবাহন না পেয়ে অনেককে পায়ে হেঁেট গন্তব্যে যেতে দেখা গেছে। অপেক্ষার পর যানবাহন পেলেও যাত্রীদের গুণতে হয়েছে অতিরিক্ত ভাড়া। নগরীর আগ্রাবাদ এলাকায় চাকরি করা শোয়েব আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে নগরীর আন্দরকিল্লা মোড়ে প্রায় তিন ঘণ্টা অপেক্ষার পর বাসে উঠতে পেরেছি। তবে ভাড়া দিতে হয়েছে বেশি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৯০৭ ঘ.