২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৎ ও যোগ্যদের নির্বাচিত করুন: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ টেকসই সুশাসন প্রতিষ্ঠায় সৎ ও যোগ্য ব্যক্তিদের নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন। সোমবার বিকেলে খুলনায় আঞ্চলিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে ফখরুদ্দীন আহমদ এ কথা বলেন। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংলাপে প্রধান উপদেষ্টা বলেন, "দেশে টেকসই সুশাসন প্রতিষ্ঠায় সৎ ও যোগ্য প্রার্থীদের নির্বাচিত করতে হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2008, 08:59 AM

Updated : 26 Aug 2022, 02:07 PM

খুলনা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ টেকসই সুশাসন প্রতিষ্ঠায় সৎ ও যোগ্য ব্যক্তিদের নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন। সোমবার বিকেলে খুলনায় আঞ্চলিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে ফখরুদ্দীন আহমদ এ কথা বলেন। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংলাপে প্রধান উপদেষ্টা বলেন, "দেশে টেকসই সুশাসন প্রতিষ্ঠায় সৎ ও যোগ্য প্রার্থীদের নির্বাচিত করতে হবে। জাতীয় ইস্যুতে সবাইকে কাজ করতে হবে ঐকমত্যের ভিত্তিতে। সাধারণ মানুষের বিবেচনা যদি সঠিক হয় তাহলে সৎ ও যোগ্য মানুষ নির্বাচিত হবে। তারা এ সমাজকে আলোকিত সমাজে পরিণত করতে পারবেন।" সংলাপে খুলনা বিভাগের ১০ জেলার বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিরা স্থানীয় ও জাতীয় বিভিন্ন সমস্যা তুলে ধরে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন এবং তা সমাধানের আবেদন জানান। রংপুর ও বরিশালের মত আগামী মাসে খুলনায় উপদেষ্টা পরিষদের বৈঠক করা হবে বলে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন। সংলাপ সঞ্চালন করেন শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন- আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা হাসান আরিফ ও স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল। সংলাপে স্বাগত বক্তব্য দেন খুলনার বিভাগীয় কমিশনার মো. ইউনুসুর রহমান। এর আগে সকালে যশোরের কেশবপুরে গ্রামীণ সংলাপে প্রধান উপদেষ্টা বলেন, তত্ত্বাবধায়ক সরকার নির্দলীয়, তারা সব দলের সঙ্গে সমান আচরণ করছে। দেশের প্রধান দুই দলের একটি বিএনপি সরকারের বিরুদ্ধে প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে। প্রধান উপদেষ্টা জানান, নির্বাচনে ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করবে সরকার। কেশবপুর আবু শারাফ মিলনায়তনে অনুষ্ঠিত এ সংলাপে কৃষক, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিকসহ স্থানীয় বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশ নেন। ইসি আগামী অক্টোবরের মধ্যে দেশের ৩০০ থেকে ৩৫০টি উপজেলায় নির্বাচনের প্রস্তুতি নিয়েছে বলে প্রধান উপদেষ্টা জানান। তিনি জানান, স্থানীয় সরকার কমিশন অচিরেই গঠন করা হবে। ফখরুদ্দীন আহমদ বলেন, "নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ দরকার তা নিশ্চিত করা হবে। ভোটাররা যাতে নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সে ব্যবস্থা সরকার করবে।" কৃষি খাতের উন্নয়নে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে জানিয়ে ফখরুদ্দীন আহমদ বলেন, "খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কৃষি উন্নয়নে জোর দিয়েছে। কৃষিখাতে ভর্তুকিও অব্যাহত থাকবে।" জাতীয় ও আঞ্চলিক সংলাপের বিষয়গুলো সমন্বিত করে আগামীতে দেশ পরিচালনাল একটি রূপরেখা তৈরির কথাও বলেন প্রধান উপদেষ্টা। কেশবপুরের গ্রামীণ সংলাপে আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল, শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানও উপস্থিত ছিলেন। কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফুজ্জামান খানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন যশোরের জেলা প্রশাসক মো. আবু আল হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/জিএনএ/এমএসবি/এসকে/২০২৮ঘ.