২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক সরকারের সময় নির্বাচন সংশ্লিষ্টতাহীন অধ্যাদেশ জারি অবৈধ

তত্ত্বাবধায়ক সরকারের সময়ে রাষ্ট্রপতি অতিপ্রয়োজনীয় না হলে এবং নির্বাচনের সঙ্গে সম্পর্কহীন কোনো অধ্যাদেশ জারি করতে পারেন না বলে রোববার রায় দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2008, 02:39 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের সময়ে রাষ্ট্রপতি অতিপ্রয়োজনীয় না হলে এবং নির্বাচনের সঙ্গে সম্পর্কহীন কোনো অধ্যাদেশ জারি করতে পারেন না বলে রোববার রায় দিয়েছে হাইকোর্ট। আদালত বলেছে, 'রাষ্ট্রপতি বা তত্ত্বাবধায়ক সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না। এ ধরনের অগণতান্ত্রিক সরকারের মেয়াদ যত কম হয় ততই সবার জন্য মঙ্গল।' আদালত এ কারণ দেখিয়ে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময়ে রাষ্ট্রপতির জারি করা 'মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন অধ্যাদেশ' অবৈধ ঘোষণা করেছে। এ অধ্যাদেশে কাজীদের নিয়োগ ও বরখাস্তের ক্ষমতা জেলা প্রশাসকদের হাতে ন্যস্ত করা হয়েছিল। বাংলাদেশ কাজী সমিতির সভাপতি পীরজাদা কাজী সৈয়দ শরিয়ত উল্লাহসহ ছয় কাজীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি আবু তারিকের বেঞ্চ এ রায় দেয়। রাজনৈতিকভাবে নির্বাচিত সরকারের চেয়ে তত্ত্বাবধায়ক সরকারের রাষ্ট্রক্ষমতা অনেক সংকুচিত মন্তব্য করে রায়ে বলা হয়, 'অতিপ্রয়োজনীয় বা নির্বাচনের সংশ্লিষ্ট হলে কোনো অধ্যাদেশ জারি করা যায়। অন্যথায় তা এখতিয়ার বহির্ভূত। সংবিধানের কাঠামোর বাইরে মহল বিশেষের চাহিদামতো রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ালে জনগণের ক্ষমতার ভারসাম্য নষ্ট হবে।' রায়ের অভিমতে বলা হয়, 'রাষ্ট্রপতিকে সন্তুষ্ট হতে হবে যে, এ ধরনের অধ্যাদেশ জারি না করলে নির্বাচন ব্যাহত হবে। এ ক্ষেত্র ছাড়া তিনি অন্য কোনো ক্ষেত্রে অধ্যাদেশ জারি করতে পারেন না।' আদালত আরো বলেছে, 'সাধারণ অবস্থায় রাজনৈতিক সরকার থাকার সময় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে দায়িত্বপালন করেন। কিন্তু সংবিধানের ৫৮ ঙ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পরামর্শ অনুযায়ী কাজ করেন না। উপদেষ্টা পরিষদও রাষ্ট্রপতিকে অধ্যাদেশ জারির পরামর্শ দিতে পারে না, অনুরোধ করতে পারে মাত্র। রাষ্ট্রপতি সংবিধানের ৯৩ ও ৫৮ ঘ অনুচ্ছেদ অনুযায়ী নিজ বিবেচনায়, নিজ দায়িত্বে ও ক্ষমতায় অধ্যাদেশ জারি করেন।' ১৬০৮ সালের যুক্তরাষ্ট্রের একটি উদাহরণ দিয়ে হাইকোর্ট বলে, 'সংবিধান রাষ্ট্রপতিকে যেটুকু ক্ষমতা দিয়েছে তার বেশি তিনি প্রয়োগ করতে পারবেন না। রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ফলে রাষ্ট্রের কোনো নাগরিক ক্ষতিগ্রস্ত হলে তিনি সুপ্রিম কোর্টে প্রতিকার চাইতে পারেন। সে আবেদন বিবেচনা করা ও রাষ্ট্রপতির জারি করা অধ্যাদেশের বৈধতা পরীক্ষা করার এখতিয়ার সুপ্রিম কোর্টের রয়েছে।' রায়ে বলা হয়, 'দেশের প্রত্যেক নাগরিক ও প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত প্রত্যেকে সংবিধানের প্রতিটি অনুচ্ছেদ মানতে বাধ্য। কোনো কারণে সংবিধান স্বল্পভাবেও লঙ্ঘিত হলে পরে সংবিধান ধ্বংস হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। সংবিধান বাংলাদেশের মহান দলিল। ১৯৭১ সালে ৩০ লাখ শহীদের রক্তের স্বাক্ষরে বাংলাদেশের সংবিধান লেখা হয়েছে। কোনো অবস্থাতেই কোনো কর্তৃপক্ষ সংবিধান ভঙ্গ করতে পারে না। কারণ কেউই আইনের উর্ধ্বে নয়।' হাইকোর্ট আরো বলেছে, 'বাংলাদেশের জনগণ দেশের মালিক। বাংলাদেশে নির্বাচিত সংসদ দেশ চালায়। প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদ তাদের কাজের জন্য সংসদের কাছে জবাবদিহি করে। এর অর্থ নির্বাচিত সরকার জনগণের কাছে জবাবদিহি করে।' রাষ্ট্রপতির জারি করা 'মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন অধ্যাদেশ ২০০৮' বাংলাদেশের নির্বাচন সংক্রান্ত বিষয় নয় মন্তব্য করে আদালত বলেছে, 'এই অধ্যাদেশ জারি সংবিধানের ৯৩ ও ৯৮ ঘ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বহির্ভূত। তাই অধ্যাদেশটি সংবিধান পরিপন্থী ও অবৈধ ঘোষণা করা হল। এই অধ্যাদেশ জারির ২০ ফেব্র"য়ারির স্মারকও অবৈধ ঘোষণা করা হল।' সাংবিধানিক ব্যাখ্যার প্রশ্ন জড়িত থাকায় এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে সরাসরি আপিল করতে সরকারকে সার্টিফিকেট দিয়েছে হাইকোর্ট। কাজীদের নিয়োগ ও বরখাস্তের ক্ষমতা আইন মন্ত্রণালয়ের পরিবর্তে জেলা প্রশাসকদের হাতে দিয়ে গত ২০ ফেব্র"য়ারি মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি। অধ্যাদেশটি ও অধ্যাদেশ জারির ক্ষমতাকে চ্যালেঞ্জ করে বাংলাদেশ কাজী সমিতির সভাপতি পীরজাদা কাজী সৈয়দ শরিয়ত উল্লাহসহ ছয়জন কাজী গত ১৩ মার্চ রিট আবেদন করেন। হাইকোর্ট এরপর সরকারের প্রতি রুল জারি করে। রিটটির ওপর চূড়ান্ত শুনানিতে আবেদনকারী পক্ষে অংশ নেন অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী ও অ্যাডভোকেট জয় রহমান। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইদ্রিস খান। আদালতের সহায়তাকারী (এমিকাস কিউরি) হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার রফিক উল হক, আজমালুল হোসেন কিউসি ও ব্যারিস্টার শামসুদ্দিন চৌধুরী মানিক। ড. কামাল হোসেনকে এমিকাস কিউরি হিসেবে হাইকোর্ট নিয়োগ দিলেও তিনি বক্তব্য দেননি। এছাড়া, আদালত অ্যাটর্নি জেনারেলকে বক্তব্য রাখার অনুরোধ করলেও তিনি বক্তব্য দেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএইচবি/২০২৮ ঘ.