ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলহত্যা মামলায় নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়েছে হাইকোর্টে। রায় ঘোষণার দীর্ঘ চার বছর পর রোববার এ শুনানি শুরু হয়।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আতাউর রহমান খানের বেঞ্চ শুনানি গ্রহণ করে।
প্রথম দিনে আসামি অবসরপ্রাপ্ত মেজর বজলুল হুদা ও ল্যান্সার এ কে এম মহিউদ্দিন আহমেদের পক্ষে ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বলেন, জাতীয় চার নেতা হত্যার সঙ্গে এ দুই আসামি জড়িত নন। মামলার এজাহার ও অভিযোগপত্রে তাদের নাম নেই। তাদের বিরুদ্ধে কেবল বঙ্গভবনে বসে ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।
ব্যারিস্টার মামুন প্রথম দিনে মামলার ২ হাজার ৫৪৭ পৃষ্ঠার তিন খণ্ড পেপারবুকের মধ্যে কেবল এজাহার ও অভিযোগপত্র পড়েন।
শুনানির শুরুতেই ব্যারিস্টার মামুন সময়ের আবেদন জানিয়ে বলেন, "গত ৯ জুন এ মামলার পেপারবুক প্রস্তুত শেষ করেছে হাইকোর্ট। কিন্তু আমাদের এখনো কপি দেওয়া হয়নি।"
আদালত সময়ের আবেদন নাকচ করে দিয়ে ব্যারিস্টার মামুনকে আদালতেই কপি সরবরাহের জন্য রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ১৯৭৫ সালের ৩ নভেম্বর তার চার ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী ও কামারুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়।
পরদিন লালবাগ থানায় তৎকালীন পুলিশের ডিআইজি আবদুল আওয়াল ক্যাপ্টেন মোসলেমউদ্দিনসহ চার জনের বিরুদ্ধে মামলা করেন।
দীর্ঘ ২৩ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এলে ১৯৯৮ সালের ১৫ অক্টোবর এ মামলায় রিসালদার মোসলেমউদ্দিন, লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমানসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
ছয় বছর বিচার প্রক্রিয়া শেষে ২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ মো. মতিউর রহমান রায় দেন। এতে রিসালদার মোসলেমউদ্দিন খান, দফাদার মারফত আলী ও দফাদার আবুল হাসেম মৃধাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
নিম্ন আদালত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান, লেফটেন্যান্ট কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান ও মেজর মো. বজলুল হুদাসহ ১৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
এছাড়া, মেজর মো. খায়রুজ্জামান, কে এম ওবায়দুর রহমান, শাহ মোয়াজ্জেম হোসেন, নুরুল ইসলাম মঞ্জুর ও তাহেরউদ্দিন ঠাকুরকে হত্যার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়।
মৃত্যুদণ্ড পাওয়া তিন আসামি পলাতক। এছাড়া, যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিদের মধ্যে ১১ জন এখনো গ্রেপ্তার হননি।
রায়ের পরপরই দণ্ডাদেশপ্রাপ্তরা আপিল করে। ল্যান্সার মহিউদ্দিনকে গত বছর যুক্তরাষ্ট্র ফেরত পাঠানোর পর তিনি জেল আপিল করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করবেন অ্যাডভোকেট আনিসুল হক। আসামি কর্নেল ফারুক ও মেজর মহিউদ্দিন আহমেদের পক্ষে শুনানি করবেন খান সাইফুর রহমান। সুলতান শাহরিয়ার রশিদ খানের পক্ষে থাকবেন আবদুর রেজাক খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/জিএনএ/১৭০১ ঘ.
bdnews24