২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি মেডিকেল কলেজের মান সংরক্ষণে বিধিমালা করবে সরকার

বেসরকারি মেডিকেল কলেজগুলোর মান সংরক্ষণের জন্য এ বিষয়ক নীতিমালাগুলো পর্যালোচনা করে বিধিমালায় পরিণত করার উদ্যোগ নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2008, 11:08 AM

Updated : 26 Aug 2022, 02:06 PM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বেসরকারি মেডিকেল কলেজগুলোর মান সংরক্ষণের জন্য এ বিষয়ক নীতিমালাগুলো পর্যালোচনা করে বিধিমালায় পরিণত করার উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. এএমএম শওকত আলী এ উদ্যেগের কথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কলেজের শহীদ ডা. মিলন হলে আয়োজিত অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, "মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কে শক্তিশালী করতে হবে। আর এ উদ্দেশ্যে প্রয়োজন একে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা।" দীর্ঘদিন স্থবির হয়ে থাকা বিএমডিসিকে সক্রিয় করার লক্ষে বিএমডিসি আইনকে সংশোধন করে কাউন্সিল পুনর্গঠনের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি । তিনি জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে বহুতল ভবন নির্মাণের জন্য ৫৬ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। এতে শয্যা সংখ্যা আরো ৬০০টি বাড়বে। এছাড়া কলেজের শিক্ষাক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ৬১ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে দশ তলাবিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানান উপদেষ্টা। ঢাকা মেডিকেল কলেজ অ্যালামনাই ট্রাস্টের সভাপতি অধ্যাপক মির্জা মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব এ কে এম জাফর উল্লা খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এম এ ফয়েজ, কলেজের অধ্যক্ষ অধ্যাপক কাজী দীন মোহাম্মদ এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুস শহীদ খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/এমএ/১৭০২ ঘ.