ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরীর কাছে ইউনিসেফের নবনিযুক্ত প্রতিনিধি ক্যারল ডি রয় বুধবার তার পরিচয়পত্র পেশ করেছেন।
বুধবার সরকারি এক ঘোষণায় এ কথা জানানো হয়েছে।
সরকারি তথ্য বিবরণীেেত বলা হয়, ইউনিসেফ প্রতিনিধিকে বাংলাদেশে স্বাগত জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ইউনিসেফসহ জাতিসংঘের সংস্থাসমূহের সঙ্গে বাংলাদেশের চমৎকার অংশীদারিত্ব বিরাজ করছে। এ সম্পর্ক আগামীতে আরো বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উপদেষ্টা গত বছরের বন্যা ও ঘূর্ণিঝড়ে ত্রাণ ও পুনর্বাসন কাজে ইউনিসেফের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশও জাতিসংঘ ব্যবস্থায় ইউনিসেফকে সমর্থন যুগিয়ে যাচ্ছে।
কারেল ডি রুই উপদেষ্টাকে জানান, বাংলাদেশে ইউনিসেফের কার্যক্রম যথোপযুক্ত পথে রয়েছে। ইতোমধ্যে ৫ বছরের ২৪০ মিলিয়ন ডলার তহবিলের ৯০ শতাংশ হাতে রয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা এ ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছেন।
ড. ইফতেখার চৌধুরী ইউনিসেফ প্রতিনিধির সাফল্য কামনা করেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
বুধবার ইউনিসেফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে ইউনিসেফের নতুন প্রতিনিধি ক্যারল ডি রয় বাংলাদেশের উন্নয়নে ইউনিসেফের চলমান সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেছেন।
ক্যারেল ডি রয় লুই-জর্জ আর্সেনো-এর স্থলাভিষিক্ত হয়েছেন। নেদারল্যান্ডস-এর নাগরিক ডি রয় বড় হয়েছেন ব্রাাজিলে। ১৯৮৪ সালে নাইজেরিয়ায় ইউনিসেফের পানি ও পয়ঃনিষ্কাশন কর্মসূচির প্রধান হিসেবে যোগদান করেন। ইতোমধ্যে তিনি ইরাক, কলম্বিয়া, ভেনেজুয়েলাসহ বিভিন্ন দেশে নারী ও শিশুদের নিয়ে কাজ করেছেন।
ঢাকা আসার আগে ডি রয় রাশিয়ান ফেডারেশন এবং বেলারুশ-এ আঞ্চলিক প্রতিনিধি হিসেবে মস্কো-তে কর্মরত ছিলেন।
ডি রয় বিবাহিত ও দুই সন্তানের জনক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএআর/এমএ/১৫০২ ঘ.
bdnews24