খুলনা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র শেখ তৈয়েবুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির একটি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে।
তদন্ত কর্মকর্তা খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক গোলাম রব্বানি বুধবার মুখ্য মহানগর হাকিম আদালতে এ অভিযোগপত্র দেন।
এতে কেসিসির সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা (অডিট) এস এম ওয়াদুদ, ২৪ নং ওয়ার্ড সচিব এম এ বাকী ওরফে দেলোয়ার এবং শ্রমিক শাহাদাত মোল্লাকেও আসামি করা হয়েছে।
গোলাম রব্বানি জানান, খুলনার মেয়র অন্য আসামিদের সহায়তায় জাহাঙ্গীর হোসেন নামের কেসিসির এক বরখাস্ত কর্মচারীকে চাকরিতে পুনর্বহাল করার জন্য এক লাখ টাকা নেন। কিন্তু এরপরও তাকে চাকরি ফিরিয়ে দেওয়া হয়নি।
গত বছরের ৫ নভেম্বর জাহাঙ্গীর হোসেন তাদের বিরুদ্ধে খুলনা সদর থানায় মামলা করেন।
শেখ তৈয়েবুর রহমান এখন খুলনা কারাগারে আটক রয়েছেন। গত বছরের ২ নভেম্বর ঢাকার গুলশানের নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে এ পর্যন্ত মোট ১২টি মামলা হয়েছে। এর মধ্যে চারটির রায় হয়েছে। দুটিতে তিনি খালাস পেয়েছেন এবং দুটিতে তার সাজা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২১৫৩ ঘ.
bdnews24