বরিশাল, জুলাই ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের মামলায় বরিশাল সিটি করপোরেশনের মেয়র মজিবর রহমান সরোয়ার ও স্ত্রী নাসিমা সরোয়ারের অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সহকারী পরিচালক আশরাফুল ইসলাম বুধবার বরিশালের মুখ্য মহানগর হাকিম মঈনুদ্দিন ইসলামের আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন।
মামলার অন্য আসামি সরোয়ারের বান্ধবী শামীমা আক্তার ছবির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছেন তদন্ত কর্মকর্তা।
দুর্নীতি দমন কমিশন বরিশাল জেলার উপ-পরিচালক মো. ফজলুল হক গত বছরের ৩১ অক্টোবর বরিশাল কোতয়ালি মডেল থানায় মামলাটি করেছিলেন।
এতে অভিযোগ করা হয়, সরোয়ার ও তার স্ত্রীর নামে দুদকে জমা দেয়া হিসাব বিবরণীতে তাদের জমির দাম প্রায় ১০ লাখ ৬৩ হাজার টাকা কম দেখানো হয়েছে।
মেয়র তার কাউনিয়ার বাড়ির দাম ২১ লাখ ২১ হাজার টাকা কম দেখান।
এছাড়া, বান্ধবী শামীমা আক্তার ছবির নামে বসুন্ধরা আবাসিক এলাকায় ফ্ল্যাটের জন্য ইস্টওয়েস্ট প্রপাটি ডেভোলপমেন্ট লিমিটেডকে কিস্তি বাবদ ১৯ লাখ ৪৯ হাজার টাকা দেন তিনি। একইসঙ্গে ছবিকে একটি গাড়ি কিনে দেন। কিন্তু এসবের বিবরণ জানানো হয়নি।
মামরায় আরো বলা হয়, মেয়র সরোয়ারের নিজের নামে গুলশান ও বনানীতে দু'টি ফ্ল্যাট, স্ত্রীর নামে গুলশানে কেনা আরেকটি ফ্ল্যাটের দাম কম দেখানো হয়েছে।
মেয়র তার নিজের নামে এইচএসবিসি ও ডাচ-বাংলা ব্যাংকে জমা করা টাকার একটি বড় অংশ গোপন করেছেন।
মজিবর রহমান সরোয়ার এখন মানিকগঞ্জ কারাগারে আটক রয়েছেন। তার স্ত্রী নাসিমা সরোয়ার জামিনে মুক্ত আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২০১২ ঘ.
bdnews24