ঢাকা, জুলাই ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ সঙ্কট সামাল দিতে উৎপাদিত বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয় এবং নবায়নযোগ্য শক্তি বা জ্বালানির ব্যবহার বাড়াতে প্রচারাভিযান শুরু করছে সরকার।
প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বৃহস্পতিবার হোটেল শেরাটনে একটি কর্মশালার উদ্বোধনের মাধ্যমে প্রচারাভিযানের আনুষ্ঠানিক সূচনা করবেন।
বিদ্যুৎ, জ্বালানি ও খণিজসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এম তামিম বুধবার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা সকালে কর্মশালা উদ্বোধনের পর হোটেল শেরাটনের উইন্টার গার্ডেনে দু'দিনব্যাপী একটি প্রদর্শনী শুরু হবে। এতে বিদ্যুৎ সাশ্রয়ী উপকরণ ও নবায়নযোগ্য শক্তি উৎপাদন সামগ্রী প্রদর্শণ করা হবে। সরকারি ও বেসরকারি পর্যায়ের ৩৫টি প্রতিষ্ঠান সেখানে অংশ নেবে।
ম তামিম জানান, পৃথিবীর প্রতিটি দেশেই নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ছে। জার্মানিতে ব্যবহৃত মোট জ্বালানির ২০ শতাংশই নবায়নযোগ্য। বাংলাদেশেও নবায়নযোগ্য জ্বালানি সৌর বিদ্যুৎ ব্যবহার ও জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া প্রয়োজন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে এখন সৌর ও বায়োগ্যাসের মাধ্যমে মাত্র ১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এর মধ্যে সৌর বিদ্যুত উৎপাদন হচ্ছে আট থেকে ১০ মেগাওয়াট।
বিদ্যুৎ বিভাগের সচিব ড. ফাওজুল কবির খান এবং আয়োজক সংস্থার প্রতিনিধি ওয়ালিউর রহমান এতে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/১৭০১ ঘ.
bdnews24