২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমবারের মতো রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করলো এনবিআর

প্রথমবারের মতো রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত ২০০৭-০৮ অর্থ বছরে সংস্থাটি ৪৭ হাজার ২০১ কোটি টাকার রাজস্ব আদায় করেছে, যা ২০০৬-০৭ অর্থবছরের চেয়ে ৯ হাজার ৯৮২ কোটি টাকা বা ২৬ দশমিক ৮২ শতাংশ বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2008, 09:40 AM

Updated : 26 Aug 2022, 02:05 PM

ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথমবারের মতো রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত ২০০৭-০৮ অর্থ বছরে সংস্থাটি ৪৭ হাজার ২০১ কোটি টাকার রাজস্ব আদায় করেছে, যা ২০০৬-০৭ অর্থবছরের চেয়ে ৯ হাজার ৯৮২ কোটি টাকা বা ২৬ দশমিক ৮২ শতাংশ বেশি। গত অর্থবছরের বাজেটে এনবিআর খাতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪৩ হাজার ৮৫০ কোটি টাকা। রাজস্ব আদায়ের ক্ষেত্রে ইতিবাচক প্রবণতার কারণে পরে লক্ষ্যমাত্রা বাড়িয়ে ৪৫ হাজার ৯৭০ কোটি টাকা করা হয়। অর্থবছর শেষে আদায়ের পরিমাণ সংশোধিত লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে গেছে। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ এ তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, "গত ছয় বছরে রাজস্ব আদায় দ্বিগুণ হয়েছে। ২০০২-০৩ অর্থ বছরে আদায়ের পরিমাণ ছিল ২৩ হাজার ৬৫১ কোটি টাকা। ২০০৭-০৮ অর্থ বছরে তা বেড়ে ৪৭ হাজার ২০১ কোটি টাকায় দাঁড়িয়েছে। মূলত কর প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা, টাস্কফোর্সের সহযোগিতা, কর কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি, গোয়েন্দা বিভাগের কর্মসূচিসহ বিভিন্ন কারণে এবার সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি রাজস্ব আদায় হয়েছে।" এই প্রথমবারের মতো এনবিআর রাজস্ব আদায়ের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারলো বলে চেয়ারম্যান জানান। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে বেশি পরিমাণে ভ্যাট (মূল্য সংযোজন কর) আদায় হওয়ায় রাজস্ব আদায় বেড়েছে কি না- এ প্রশ্নের জবাবে আবদুল মজিদ বলেন, "এটা গবেষণার বিষয়। তবে সাধারণভাবে মনে হচ্ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি রাজস্ব আদায় বাড়ার অনেকগুলো কারণের একটি হতে পারে।" বিদায়ী অর্থবছরে তামাক কোম্পানিগুলোর পর মোবাইল ফোন অপারেটরগুলো সবচেয়ে বেশি কর দিয়েছে বলে তিনি জানান। এনবিআর চেয়ারম্যান জানান, অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগের পাশাপাশি কর খেলাপিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। রাজস্ব আদায়ে সাফল্যের জন্য এনবিআর কর্মকর্তাদের পুরস্কৃত করা হবে কি না জানতে চাইলে মজিদ বলেন, "যে কোনো ভালো কাজের জন্য পুরস্কারের ব্যবস্থা থাকা উচিৎ। রাজস্ব বিভাগের কর্মকর্তারাও পুরস্কার প্রত্যাশা করে। সরকার এ ব্যাপারে ইতিবাচক সারা দেবে বলে আশা করি আমরা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এমএ/১৫৩৫ঘ.