২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নদীর করাল ভাঙন চলছে

পদ্মা ও যমুনায় মারাত্মক ভাঙনের ফলে এক সপ্তাহে পাবনার চারটি উপজেলার দেড় শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে তলিয়ে গেছে। ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমারসহ ১৬টি নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কুড়িগ্রামের আটটি ইউনিয়নে ভাঙন অব্যাহত রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2008, 05:40 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা ও যমুনায় মারাত্মক ভাঙনের ফলে এক সপ্তাহে পাবনার চারটি উপজেলার দেড় শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে তলিয়ে গেছে। ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমারসহ ১৬টি নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কুড়িগ্রামের আটটি ইউনিয়নে ভাঙন অব্যাহত রয়েছে। আমাদের পাবনা প্রতিনিধি জানান, পদ্মা ও যমুনা নদীর ভাঙন ভয়াল আকার ধারণ করেছে। গত এক সপ্তাহে বেড়া, সুজানগর, ঈশ্বরদী ও সদর উপজেলার দেড় শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নওশাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এবারের বর্ষায় পদ্মা ও যমুনা নদীর ভাঙন এতই ভয়াল রূপ নিয়েছে যে গত এক সপ্তাহে দেড়শ ঘরবাড়ি ও বহু সম্পদ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।" তিনি জানান, বেড়া, সুজানগর, ঈশ্বরদী ও সদর উপজেলার নদী তীরবর্তী এলাকায় গত ২৩ জুন থেকে ব্যাপক আকারে ভাঙন দেখা দেয়। গত ৭/৮ দিন ধরে ভাঙনের তীব্রতা বেড়েছে। ইতোমধ্যে নগরবাড়ী ফেরিঘাটে যাওয়ার সড়ক, জনপথ বিভাগের পাকা সড়ক ও ফেরি ঘাটের অংশ বিশেষ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। একটি প্রাথমিক বিদ্যালয় এরই মধ্যে নদীগর্ভে চলে গেছে। এভাবে ভাঙন অব্যাহত থাকলে ২/১ দিনের মধ্যেই বেড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, নগরবাড়ী ফেরি ঘাট, কাজীর হাট ফেরিঘাট এবং নাজিরগঞ্জ ফেরিঘাট মানচিত্র থেকে মুছে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান তিনি। নওশাদ আলী আরও জানান, বর্ষা শুরুর সঙ্গে সঙ্গে ভাঙনের মুখে পড়েছে সুজানগর উপজেলার শাখাগঞ্জ, নাজিরগঞ্জ, সাগরকান্দি, আলোকান্দি, খলিলপুর, শ্যামসুন্দরপুর, সদর উপজেলার চর আশুতোষপুর, সজিরাজপুর, ভবানীপুর, খাসচর, ধোকরাকোল, ঈশ্বরদী উপজেলার দাদাপুর, লক্ষীকুন্ডা, হাবাসপুর, সরদার পাড়া, বেড়া উপজেলার রঘুনাথপুর, নগরবাড়ী, খানপুরা, গনপতদিয়া, মধুপুর, মুন্সীগঞ্জ, প্রতাপপুর, সারসা, পায়না, নয়নগঞ্জ, তারুটিয়া, নাকালিয়া ও মোহনগঞ্জ গ্রাম। পুরান আরেংগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রফিক্ল্লুা জানান, স্থানীয় লোকজনের সহায়তায় বেড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এলাকায় তিন হাজার বালির বস্তা ফেলা হয়েছে। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। কুড়িগ্রাম প্রতিনিধি জানান, ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমারসহ ১৬টি নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় তিস্তার কাউনিয়া পয়েন্টে ২৫ সেন্টিমিটার এবং ব্রহ্মপুত্রের চিলমারী পয়েন্টে ২০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আসাফউদ্দৌলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙন বাড়ছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে ধরলার ভাঙন চলছে পাঁচগাছি ইউনিয়নের কদমতলা ও নওয়াবশ গ্রামে। দুধকুমার ও ব্রহ্মপুত্রের ভাঙন অব্যাহত আছে যাত্রাপুর ইউনিয়নের ঝুনকার চর, চর ঘনশ্যামপুর, চর পার্বতীপুর, ভগবতিপুর, রলাকাটা, দই খাওয়া, কালির আলগা, চর যাত্রাপুর ঘাট, নুনখাওয়া ইউনিয়নের বোয়ালমারী, ফাঁন্দের ভিটা, দক্ষিণ শারিশুরি গ্রামে এবং থানাহাট ইউনিয়নের পুটিমারী কাজল ডাঙ্গা গ্রামে। সোনাভরির ভাঙনের মুখে আছে রাজিবপুর সদর ইউনিয়নের করাতি পাড়া, মুন্সিপাড়া, দশঘড়িয়া পাড়া, পশ্চিম রাজিবপুর ও চর নেওয়াজী গ্রাম। হলহলিয়ার ভাঙনের পড়েছে যাদুর চর ইউনিয়নের ধনার চর, চরের গ্রাম, কাটিয়ামারী গ্রাম। জিঞ্জিরামের ভাঙন চলছে বকবান্দা গ্রামে এবং তিস্তার ভাঙনের মুখে আছে থেতরাই ইউনিয়নের গোড়াই পিয়ার ও হোকোডাঙ্গা গ্রামের চর এলাকায়। পাঁচগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকালে কুড়িগ্রামের জেলা প্রশাসক জালাল উদ্দিন ধরলার ভাঙন কবলিত কদমতলা ও নওয়াবস গ্রাম পরিদর্শন করেন। এ দুটি গ্রামে গত এক সপ্তাহে প্রায় ৩৫টি পরিবার গৃহহীন হয়েছে। উত্তর নওয়াবস সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ভাঙনের মুখে পড়ায় জেলা প্রশাসক স্কুলটি নিলামে বিক্রির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/২৩২৭ ঘ.