২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে এখন মঙ্গা পরিস্থিতি: আশরাফুল

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সারাদেশে এখন মঙ্গার পরিস্থিতি বিরাজ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2008, 05:17 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

ঢাকা, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সারাদেশে এখন মঙ্গার পরিস্থিতি বিরাজ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। জ্বালানি তেলের মূল্য ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ১৪ দল একটি ঐক্যবদ্ধ কর্মসূচি দেবে বলে জানিয়ে তিনি বলেন, ''আগামীকালের বৈঠকে এ বিষয়ে আলোচনা করে কর্মসূচি ঠিক করা হবে। মূল্যবৃদ্ধিতে আমরা শঙ্কিত; সরকারকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।'' আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের গুলশানের বাসায় সন্ধ্যায় এ বৈঠক হয়। আশরাফুল জানান, বুধবার ৫টায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের শরিক দলগুলোর মধ্যে বৈঠক করে আসন্ন সিটি ও পৌর নির্বাচনে ১৪ দল কোন কোন প্রার্থীকে সমর্থন দেবে তা চূড়ান্ত করা হবে। শরিক দলগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে এই বৈঠক হবে। তিনি বলেন,''আগামীকাল অথবা পরশুর মধ্যে এ সিন্ধান্ত জানানো হবে।'' ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন' "অর্থ উপদেষ্টার দায়িত্বহীন বক্তব্যে জিনিসপত্রের দাম আরো বাড়ছে। মানুষ এতে আরো আহত হয়েছেন। তার মতো ভদ্রলোক, সম্মানিত ব্যক্তির কাছে এ ধরনের বক্তব্য আশা করেনি জনগণ।'' জাতীয় নির্বাচনের আগে জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি আবারো জানিয়ে তিনি এক তরফা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহ্বান। জাতীয় নির্বাচনের আগে উপজেলা নির্বাচন না করার দাবি জানিয়ে আশরাফুল বলেন, ''জাতীয় নির্বাচনের এক মাস পর এই সরকারই উপজেলা নির্বাচন করুক। প্রয়োজনে এক মাস পর নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হোক।'' অসুস্থ নাসিমকে বিদেশে পাঠানোর দাবি পূনর্ব্যক্ত করে আশরাফুল বলেন, ''এটা জীবন-মরণ বিষয়। মানবিক কারণে তাকে অনতিবিলম্বে বিদেশে পাঠানো হোক। নাসিমের কোনো দুর্ঘটনা আমরা দেখতে চাই না। এ অবস্থায় কোনো দুর্ঘটনা ঘটলে সরকারকে এর দায় বহন করতে হবে।'' 'গণতন্ত্রের স্বার্থে সবার সঙ্গে আলোচনা করতে বলেছেন খালেদা জিয়া'