২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পতেঙ্গা-ফৌজদারহাট 'মেরিন ড্রাইভ ওয়ে' প্রকল্পের নকশা চূড়ান্ত

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থেকে ফৌজদারহাট পর্যন্ত উপকূলীয় সড়ক ও বেড়ী বাঁধ নির্মাণ প্রকল্পের নকশা চূড়ান্ত হয়েছে। এ বছরের ডিসেম্বর থেকে প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2008, 04:00 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

চট্টগ্রাম, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থেকে ফৌজদারহাট পর্যন্ত উপকূলীয় সড়ক ও বেড়ী বাঁধ নির্মাণ প্রকল্পের নকশা চূড়ান্ত হয়েছে। এ বছরের ডিসেম্বর থেকে প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। প্রকল্প সারপত্র অনুযায়ী, পতেঙ্গা থেকে ফৌজদারহাট উপকূলীয় বেড়ী বাঁধের উপর দিয়ে নির্মাণ করা হবে চার লেনের একটি সড়ক (মেরিন ড্রাইভ ওয়ে)। এর আগে ওই পর্যন্ত বেড়ী বাঁধ ৩৮ ফুট উঁচু ও তিনশ' ফুট প্রশস্ত করা হবে। জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি) এই প্রকল্প বাস্তবায়নে অর্থ সহায়তা দিচ্ছে। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও জেবিআইসির প্রতিনিধিদলের বৈঠকে প্রকল্পের নকশা (লে-আউট প্ল্যান) অনুমোদন করা হয়। বৈঠক শেষে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) এর চেয়ারম্যান শাহ্ মো. আখতার উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সমীক্ষা শেষে প্রকল্পটির নকশা জেবিআইসিই প্রণয়ন করেছে এবং আজকের বৈঠকে তা চূড়ান্তভাবে অনুমোদন করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নে ১০ হাজার কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ের পুরো অর্থ জেবিআইসি অনুদান হিসেবে দিবে। তিনি জানান, আগামী অক্টোবর-নভেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের পূর্ব প্রস্তুতি সম্পন্ন এবং ডিসেম্বর থেকে কাজ শুরু হবে। প্রকল্প সারপত্র অনুযায়ী, বেড়ী বাঁধ উঁচু ও প্রশস্ত করা এবং এর ওপর চার লেনের সড়ক নির্মাণ ছাড়াও সামুদ্রিক ঢেউ ও জলোচ্ছ্বাসের আঘাত সামাল দিতে বাঁধে কংক্রিটের ভারি স্ল্যাব বিছানো হবে। বর্তমানে পতেঙ্গা উপকূলীয় বেড়ী বাঁধের উচ্চতা মাত্র ২৮ ফুট। প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম মহানগরী ঝড় ও জলোচ্ছ্বাসের হাত থেকে সুরক্ষা পাবে বলে চউক চেয়ারম্যান আশা প্রকাশ করেন। তিনি জানান, পতেঙ্গা-ফৌজদারহাট উপকূলীয় সড়ক (মেরিন ড্রাইভ) নির্মাণকালে ওই সড়কের বিভিন্ন স্থানে ২১টি স্লুইস গেইট তৈরি করা হবে। এছাড়া নগরীর সঙ্গে পাঁচটি সংযোগ সড়ক স্থাপন করা হবে। আখতার উদ্দিন জানান, এই প্রকল্পটির মত প্রায় সম পরিমাণ ব্যয়ে কর্ণফুলী নদীর তীর ঘেঁষে সদরঘাট থেকে কালুরঘাট পর্যন্ত আরেকটি সড়ক নির্মাণের সমীক্ষা চলছে। সেটি চউকের নিজস্ব অর্থায়নে করার পরিকল্পনা রয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) এর বোর্ড রুমে চেয়ারম্যান শাহ্ মো. আখতার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জেবিআইসি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কাজু হিরু হাসিগাওয়া। এতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং সড়ক ও জনপথ (আরএন্ডএইচ) বিভাগের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফআই/এমএসবি/২১৫৮ ঘ.