নাটোর, জুলাই ০৮ (বিডিনিউজহ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার এক শিশুর কিডনি চুরির অভিযোগে নাটোরের ব্যাপ্টিস্ট মিড মিশনস হাসপাতালের পরিচালকসহ দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেছেন শিশুটির মা। এতে অভিযোগ করা হয়েছে, তলপেটের টিউমার অপসারণের জন্য ২০০৬ সালে ওই হাসপাতালে ছয় বছরের শ্যামলী খাতুনের শরীরে অস্ত্রোপচার করা হয়। কিন্তু এতে তার অবস্থার অবনতি হলে আলট্রাসনোগ্রামে ধরা পড়ে তার ডান কিডনিটি নেই।
টাকা নেওয়া সত্ত্বেও শ্যামলীর অপসারিত টিউমারের বায়োপসি (ক্যান্সার সনাক্তকরণ পরীক্ষা) না করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ারও অভিযোগ করা হয়েছে মামলায়।
মঙ্গলবার শ্যামলীর মা শেফালী খাতুন নাটোরের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে এই মামলা করেন। হাকিম মো. শরীফ উদ্দিন নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলাটি সরাসরি নথিভূক্ত (এফআইআর) করার নির্দেশ দেন।
নাম প্রকাশের অনিচ্ছুক আদালতের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাবনার আটঘরিয়া উপজেলার সিরাজুল ইসলামের স্ত্রী শেফালী খাতুন ব্যাপ্টিস্ট মিড মিশনস হাসপাতালের পরিচালক ও প্রধান চিকিৎসক ডা. মাসাসি টুমিয়োকা এবং ডা. বিজনী প্রভার বিরুদ্ধে মামলাটি করেছেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০০৬ সালের ২৮ মার্চ শ্যামলীকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় তার তলপেটে টিউমারের উপস্থিতি ধরা পড়ে। ওই সময় তার কিডনি স্বাভাবিক আছে বলেও পরীক্ষায় জানা গেছে।
ওই বছর ১৯ এপ্রিল টিউমার অপসারণের জন্য ব্যাপ্টিস্ট মিড মিশনস হাসপাতালে শ্যামলীর অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের আগে ও পরে একাধিক পরীক্ষায় ওই হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শ্যামলীর উভয় কিডনি স্বাভাবিক রয়েছে। কিন্তু অস্ত্রোপচারের পর শ্যামলী আরও অসুস্থ হয়ে পড়ে।
অপসারিত টিউমার বায়োপসি করার জন্য টাকা জমা দেওয়া হলে হাসপাতাল কর্তৃপক্ষ বায়োপসি না করে একটি সিরাপের বোতল ধরিয়ে দিয়ে শ্যামলীকে হাসপাতাল থেকে ছাড় করিয়ে দেয়।
এরপরও একাধিকবার শ্যামলীকে নাটোরের ওই হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসকদের দেখানো হয়েছে। প্রতিবারই তার কিডনি স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়।
শ্যামলীর অবস্থার গুরুতর অবনতি হলে তাকে পাবনার জেনারেল সার্জন ডা. আরশেদ খানকে দেখানো হয়। তিনি স্থানীয় পিডিসি হাসপাতালের মাধ্যমে রোগীর আল্ট্রাসনোগ্রাম করে দেখতে পান শ্যামলীর ডান কিডনি নেই।
পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যাপক সিরাজুল ইসলাম ও অধ্যাপক মাহবুব উল আলমকে (বিভাগীয় প্রধান, ডিপার্টমেন্ট অব রেডিওথেরাপি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল) দেখানো হয়। তাঁরা বিভিন্ন পরীক্ষা শেষে নিশ্চিত হন- শ্যামলীর ডান কিডনি নেই।
শেফালি খাতুনের অভিযোগ, নাটোরের ব্যাপ্টিস্ট মিড মিশনস হাসপাতালে তার মেয়ের অস্ত্রোপচারের সময় কিডনি চুরি করে নিয়েছে। একই সঙ্গে টিউমারের বায়োপসি না করে চিকিৎসায় অবহেলা করায় তাঁর মেয়ের শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে। আশঙ্কাজনক অবস্থায় রাজশাহীর জিলিয়া ক্লিনিকে তাকে ক্যান্সার চিকিৎসা দেওয়া হচ্ছে।
পাবনা পিডিসি হাসপাতালের আল্ট্রাসনোলজিস্ট ডা.আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আল্ট্রাসনোগ্রাম করে শ্যামলির ডান কিডনির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। তবে কীভাবে তার কিডনি খোয়া গেছে তা তার জানা নেই।
নাটোরের ব্যাপ্টিষ্ট মিড মিশনস হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ষ্টিফেন জয়ধর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের প্রধান চিকিৎসক ডা. মাসাসি টুমিয়োকা বর্তমানে জাপানে রয়েছেন। চিকিৎসার ব্যাপারে তিনি কিছু বলতে পারবেন না।
তবে এই হাসপাতালে শ্যামলীর অস্ত্রোপচার করার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।
জয়ধর বলেন, "আদালতে আমরা এ অভিযোগ মিথ্যা প্রমাণ করব।"
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমদ আলী জানান, আদালতের আদেশ এখনও তিনি হাতে পাননি। পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/এমএইচবি/২০৪৩ ঘ.
bdnews24