সাতক্ষীরা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুকের জন্য কালিগঞ্জ উপজেলার নন্দীকাঠি গ্রামের রেশমা পারভিন (২৩) নামের এক গৃহবধুকে তার স্বামী পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে রেশমার বাবা আব্দুর রহিম সোমবার রাতে কালিগঞ্জ থানায় একটি মামলা করেছেন।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেকে জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রেশমার বাবা আব্দুর রহিম সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, রোববার রাতে রেশমার স্বামী জাকির তাকে মারপিট করেন। এতে রেশমা অজ্ঞান হয়ে পড়ে। এ অবস্থায় তার মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যা বলে প্রচারের চেষ্টা করা হয়।
তিনি জানান, খবর পেয়ে সোমবার সকালে তিনি জাকিরের বাড়ি থেকে রেশমাকে উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এখানে অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা নেওয়ার চেষ্টা করেন। কিন্তু পথেই রেশমা মারা যায়।রেশমার চার বছর বয়সী একটি ছেলে রয়েছে।
আব্দুর রহিম জানান, কয়েক বছর আগে নন্দীকাঠি গ্রামের আদম আলী গাজীর ছেলে জাকির হোসেনের সঙ্গে রেশমার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য জাকির প্রায়ই রেশমার ওপর নির্যাতন চালাত বলেও তিনি অভিযোগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৩২ ঘ.
bdnews24