ঢাকা, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দারিদ্র্য দূরীকরণ বিষয়ে বঙ্গোপসাগর অঞ্চলের দেশগুলোর সংস্থা-'বিমসটেক' এর মন্ত্রী পর্যায়ের সম্মেলন নিয়ে ঢাকায় মঙ্গলবার থেকে সদস্য দেশগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক শুরু হচ্ছে।
এ বৈঠকের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ বিষয়ে মন্ত্রী পর্যায়ের বুধবারের বৈঠকের আলোচ্যসূচি চূড়ান্ত করবেন সদস্য দেশগুলোর কর্মকর্তারা।
প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বুধবার আনুষ্ঠানিকভাবে এ সম্মেলনের উদ্বোধন করবেন। বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের মন্ত্রীরা সম্মেলনে যোগ দেবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।
কর্মকর্তাদের ঠিক করা আলোচ্যসূচির আলোকে সদস্য দেশগুলোর মন্ত্রীরা দারিদ্র্য দূর করা নিয়ে তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন। এছাড়া আলোচ্যসূচিতে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনের বিষয়গুলোও অন্তর্ভুক্ত থাকবে।
১৯৯৭ সালের ৬ জুন ব্যাংককের রাজধানী থাইল্যান্ডে 'বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকনোমিক কোঅপারেশন (বিমসটেক)' গঠন করা হয়। সংস্থার সাতটি সদস্য দেশ আগামী ২০১৭ সালের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা অনুমোদন করেছে। এছাড়া সংস্থার সবচেয়ে এগিয়ে থাকা তিনটি দেশ - ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড ২০১২ সালের মধ্যে বাণিজ্য উন্মুক্তকরণের প্রতিশ্র"তি দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এসকে/২১০৩ঘ.
bdnews24