ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির ইলিয়টগঞ্জে সোমবার সকালে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত আরও ১৭ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। (আরও তথ্যসহ)
আমাদের কুমিল্লা প্রতিনিধি জানান, নিহতদের মধ্যে কয়েকজন হলেন- স্টার লাইন পরিবহনের বাস চালক ফেনীর ছাগলনাইয়া উপজেলার নয়ন (৩৮), ওই বাসের যাত্রী ছাগলনাইয়ার জহির উদ্দিনের স্ত্রী সালমা বেগম (২৫) ও সালমার ভাই নাসির উদ্দিন (৪২), জহির (৩০), রিয়াজ (৩২) ও দক্ষিণ মতের গ্রামের হাফেজ আহম্মেদের ছেলে আব্দুল মান্নান (১৯), ফেনী সদরের আকবর হোসেন (৪০) ও আলম হোসেন (৩৮), ফেনীর ফুলগাজীর আবুল হাশেম (৪২) ও মাহবুবুর রহমানের স্ত্রী সাধনা মাহবুব (৫০), কুমিল্লার নাঙ্গলকোটের নয়নপুর গ্রামের হাবিবুর রহমান (৬০)।
দাউদকান্দির স্থানীয় একজন সাংবাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনায় কবলিত কুমিল্লাগামী হোমনার মিনিবাসটির চালক ইউসুফ (৩৫) ও যাত্রী আব্দুর রহিম (২৫) মারা গেছেন।
নিহত সালমা বেগমের ছেলে আব্দুস সামাদ ও মেয়ে তানিয়া (৬), ইউসুফ (৪০), ফেরদৌসি (৩৫) ও মুক্তিকে (১০) আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল পৌনে ৯টার দিকে ইলিয়টগঞ্জের দৌলতপুর বাসস্ট্যান্ডের কাছে ফেনী থেকে ঢাকাগামী স্টার লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে হোমনা থেকে কুমিল্লাগামী একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্টার লাইনের বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে পানিতে ডুবে যায়।
তিনি জানান, খাদে পড়ে যাওয়া স্টার লাইনের বাসটি উদ্ধার করে উপরে তোলা হয়েছে। এর মধ্যে আর কোন লাশ নেই। দমকল কর্মী ও পুলিশ প্রায় চার ঘণ্টা ধরে উদ্ধার কাজ চলে বলে জানান তিনি।
ওসি আব্দুল রব জানান, আহত ফোরকান (৩৮), শ্যামল (৪০), রেজাউল (১০), আব্দুর রহিম (২৪), আবুল কাশেম (৪৮), তাজউদ্দিন (৪৪), নুরন্নবী (৪৯), আব্দুর রাজ্জাক (৭০), সাদ্দাম হোসেন (১৬), রুমা (১৩) ও অহিদুর রহমানকে (৪০) দাউকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর প্রায় তিন ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় দুই পাশে প্রায় ১৫ কিলোমিটার সড়ক জুড়ে যানজট সৃষ্টি হয়। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতায় দুপুর দুইটার পর থেকে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
কুমিল্লার পুলিশ সুপার ইমতেয়াজ আহম্মেদ, দমকল বিভাগের সহকারী পরিচালক আব্দুর রশিদ, সেনা কর্মকর্তা আশিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এএল/এমএসবি/১৯৩৮ ঘ.
bdnews24