২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ নেওয়ার অভিযোগে বিমানবন্দরের কাস্টমস পরিদর্শক সাময়িক বরখাস্ত

ঘুষ নিয়ে শুল্ক আদায় ছাড়াই বিদেশ থেকে আনা মালামাল ছেড়ে দেওয়ার অভিযোগে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস পরিদর্শক খলিলুর রহমানকে রোববার সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2008, 03:44 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষ নিয়ে শুল্ক আদায় ছাড়াই বিদেশ থেকে আনা মালামাল ছেড়ে দেওয়ার অভিযোগে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস পরিদর্শক খলিলুর রহমানকে রোববার সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঢাকা কাস্টমস কমিশনার প্রকাশ দেওয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংযুক্ত আরব আমিরাত থেকে শনিবার ঢাকায় আসা এক যাত্রীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে খলিলুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। ওই যাত্রীর কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ নিয়ে একটি এলসিডি টেলিভিশন ছাড় করিয়ে দেওয়ার অভিযোগ উঠলে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা খলিলুর রহমানকে আটক করে। পরে বিভাগীর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে তাকে ছাড়িয়ে আনা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কাস্টমস কর্মকর্তা জানান, জনৈক সিরাজুল ইসলাম আরব আমিরাত থেকে ২০ ইঞ্চি এলসিডি টেলিভিশন নিয়ে আসেন। কাস্টমস পরিদর্শক খলিলুর রহমান টেলিভিশনটির জন্য ২০ হাজার টাকা শুল্ক চাইলে সিরাজুল তাকে ১০ হাজার ঘুষ দিতে রাজি হন। টাকা পরিশোধের পর ওই যাত্রীকে বিনা শুল্কে টেলিভিশন ছাড়া করিয়ে দেওয়া হয়। সিরাজুল লাগেজ নিয়ে বিমান বন্দরের রি-প্যাকিং এলাকায় পৌঁছলে গোয়েন্দা সংস্থার সদস্যদের সন্দেহ হয়। এরপর জিজ্ঞাসাবাদে তিনি ঘুষ দেওয়ার কথা স্বীকার করেন। ঘটনার পর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা খলিলুর রহমানকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। কাস্টমসের উর্ধ্বতন কর্মকর্তারা ক্যাম্পে গিয়ে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে মুচলেকা দিয়ে খলিলকে ছড়িয়ে আনেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এসএনডি/২১৩২ ঘ.