চট্টগ্রাম, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীতাকুন্ড উপজেলার সোনাইছড়ি উপকূলে রোববার দুপুরে একটি মাছ ধরা ট্রলার সাগরে ডুবে দুই কিশোর নিখোঁজ রয়েছে। ট্রলারটি পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছিল।
ডুবে যাওয়ার সময় ট্রলারে ৩২ জন আরোহী ছিল। এর মধ্য ৩০ জনকে ট্রলার ডুবির পরপরই জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
নিখোঁজ দুজন হল- কুশ জলদাস (১৫) ও সুজন জলদাস (১১)। তারা উপজেলার ঘোড়ামাড়া জেলে পাড়ার বাসিন্দা।
পুলিশ সুপার কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ২টার দিকে সীতাকুণ্ড উপকূলে একটি মাছ ধরার ট্রলার পরীক্ষামূলকভাবে চালানোর সময় ডুবে যায়। ট্রলারে শিশু কিশোরসহ ৩২ জন আরোহী ছিল। উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে ৩০ জনকে জীবিত উদ্ধার করে। বাকি দুজন এখনও নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।
উদ্ধারকৃতদের উদ্ধৃতি দিয়ে একজন স্থানীয় সাংবাদিক জানান, ঘোড়ামাড়া জেলে পাড়ার প্রিয় লাল জলদাসের নতুন তৈরি একটি মাছ ধরা ট্রলার পরীক্ষামূলকভাবে সাগরে নামানো হয়। এতে এলাকার শিশু কিশোরসহ ৩২ জন আরোহী ছিল। ট্রলারটি সাগরে কিছুদূর ঘুরে ফেরার পথে হঠাৎ উল্টে যায় এবং আরোহীরা সবাই ডুবে যায়।
এ সময় পাশ দিয়ে উপকূলরক্ষী বাহিনীর একটি টহল দল যাচ্ছিল। তারা ৩০ জনকে উদ্ধার করে। অপর দুইজনকে উদ্ধারের চেষ্টা চলছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৯০২ ঘ.
bdnews24