২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রার্থী অপরাধী হলে ভোট দেবেন না: ইসির পরামর্শ

চিহ্নিত অপরাধী বা সন্ত্রাসী হলেও দণ্ডিত না হলে নির্বাচনে বাধা নেই বলে এক্ষেত্রে এ ধরনের অপরাধী প্রার্থীকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2008, 01:18 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

ঢাকা, জুলাই ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---চিহ্নিত অপরাধী বা সন্ত্রাসী হলেও দণ্ডিত না হলে নির্বাচনে বাধা নেই বলে এক্ষেত্রে এ ধরনের অপরাধী প্রার্থীকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, কেউ মামলায় অভিযুক্ত হলেও নির্বাচনে প্রার্থী হতে পারবে। সাজা না হলে কিংবা রায়ের অপেক্ষায় থাকা কোনো অপরাধীকে নির্বাচনে অযোগ্য করার ক্ষমতা ইসির নেই। বিদ্যমান আইনের উল্লেখ করে সাখাওয়াত হোসেন বলেন, ''চিহ্নিত অপরাধী বা সন্ত্রাসী মামলায় অভিযুক্ত হলেই তাদের নির্বাচনে অযোগ্য করার ব্যবস্থা নেই। যে কোনো আদালতে অন্যূন দুই বছর সাজাপ্রাপ্ত হলেই সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্বাচনে অযোগ্য করা হয়েছে।'' সিটি ও পৌর অধ্যাদেশ, ২০০৮ এ বলা হয়েছে, কেউ কোন ফৌজদারি ও নৈতিক স্খলনজনিত অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অন্যূন দুই বছর কারাদণ্ডে দণ্ডিত হলে এবং তার মুক্তি লাভের পর ৫ বছর অতিবাহিত না হলে প্রার্থী হওয়ার অযোগ্য হবেন। জরুরি ক্ষমতা আইনে সাজাপ্রাপ্তরাও নির্বাচনে অযোগ্য হবে জানিয়ে এম সাখাওয়াত হোসেন বলেন, ''জরুরি ক্ষমতা আইনে (ইপিআর) আপিলের কোনো সুযোগ নেই। তবে নিম্ন আদালতে সাজাপ্রাপ্ত হলেও উচ্চ আদালতের আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঐ ব্যক্তির প্রার্থিতায় বাধা নেই।'' অপরাধী বা সন্ত্রাসী কিংবা কুখ্যাতি রয়েছে এমন ব্যক্তি নির্বাচনে প্রার্থী হলেও তাদেরকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে নিব্যাচন কমিশনার বলেন, ''নির্বাচন কমিশন আইনের বাইরে কিছু করতে পারছে না। তবে আলটিমেট পাওয়ার জনগণের হাতে। আশা করব, তারা যেন এসব প্রার্থীকে ভোট না দেয়।'' আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আইন প্রয়োগে সবার সহযোগিতা চেয়ে এম সাখাওয়াত হোসেন বলেন, ''কাউকে ধরা কিংবা বাদ দেওয়ার জন্যে নয়, বরং প্রার্থীদের সহযোগিতা করার জন্যে এ আইন করা হয়েছে। কালো টাকা ও পেশী শক্তি মুক্ত নির্বাচন করতেই এসব আইন।'' তিনি জানান, এ সপ্তাহের মধ্যে নির্বাচনী এলাকার সীমানা পুননির্ধারণের বিষয়টি সম্পন্ন করে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে এবং তাতে সর্বোচ্চ ৪০টি আসনে সীমানা পুননির্ধারিত হতে পারে। যেসব এলাকায় খসড়া ভোটার তালিকা প্রকাশ হচ্ছে, সেখানে বাদ পড়া ভোটারদের নাম অন্তর্ভূক্তির সুযোগ রয়েছে জানিয়ে এম সাখাওয়াত হোসেন বলেন, ''চলতি মাসের মাঝামাঝি ঢাকা মহানগরীর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। নির্ধারিত সময়ে ভোটাররা নাম সংশোধন, দাবি ও আপত্তি সম্পন্ন করতে পারবে। সেই সঙ্গে নিয়ম মেনে বাদ পড়া ভোটাররাও তালিকায় অন্তর্ভূক্ত হতে পারবে।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসকে/১৯০৪ঘ.