ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে শনিবার রাতে মাঝারী মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। ১০টা ৫৬ মিনিট থেকে ৪/৫ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ১।
চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনাসহ দেশের উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় এ ভূকম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মঈনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৫ দশমিক ১ মাত্রার এ ভূমিকম্পের কেন্দ্র ছিল ঢাকা থেকে ২৯০ কিলোমিটার উত্তর-পশ্চিমে; চাঁপাইনবাবগঞ্জ-মালদহ সীমান্ত এলাকায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১০টা ৫৬ মিনিটে অনুভূত এ ভূমিকম্পের স্থায়িত্ব ছিল ৪/৫ সেকেন্ড।
তবে তিনি জানান, ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে স্থাপিত ভূতাত্ত্বিক নেটওয়ার্ক থেকে ২৫৮ কিলোমিটার উত্তর পশ্চিমে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও পাবনা প্রতিনিধি জানিয়েছেন, ভূমিকম্প অনুভূত হওয়ার পর লোকজন আতঙ্কে রাস্তায় নেমে আসে। তবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জিএমএ/এমএইচসি/ডিডি/জেকে/০০২৫ ঘ.
bdnews24