মাগুরা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপদেষ্টাদের কথা ও কাজে মিল নেই বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ।
তিনি বলেন, "উপদেষ্টাদের জেলায় জেলায় মতবিনিময় করাটা হচ্ছে রাজনৈতিক এজেন্ডা। তাদের কথা ও কাজে মিল নেই। এ সরকারের অনেক অর্জন থাকলেও দ্রব্যমুল্য নিয়ন্ত্রণ করতে না পারায় তারা জনগণের আস্থা হারিয়েছে।"
শনিবার দুপুরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে এলডিপি'র এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
কর্নেল অলি দ্রুত নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। রাষ্ট্রীয় ব্যয় কমাতে একই দিনে উপজেলা ও জাতীয় সংসদ নির্বাচন করারও পরামর্শ দেন তিনি।
এলডিপি সভাপতি বলেন, "এক তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসে বিএনপি দুর্নীতি ও লুটপাটে মত্ত হয়েছিল। মান্নান ভূঁইয়াদের মতো মোনাফেক ও চাটুকার দুর্নীতিবাজদের কারণে বেগম জিয়া আজ পরিবারসহ জেলে।"
জেলা এলডিপি সভাপতি মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলী, সৈয়দ দিদার বখত, শওকত হোসেন সেলিম, শাহাদৎ হোসেন, ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন মোস্তফা, আমজাদ হোসেন, গোলাম মোর্তজা টগর, হারুন অর-রশিদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৩৮ ঘ.
bdnews24