ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শুক্রবার রাতে মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা অভিযান চালিয়ে ইয়াবাসহ এক চলচ্চিত্র অভিনেত্রী,এক মডেল এবং তাদের কথিত বন্ধু এক কলেজ ছাত্রকে গ্রেপ্তার করেছে।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উপ অঞ্চলের সহকারি পরিচালক ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদ পেয়ে অধিদপ্তরের সদস্যরা পল্লবী সাড়ে ১১ নম্বরের রুপনগর হাউজিং'এর একটি বাড়িতে অভিযান চালায়।
তিনি জানান, ওই বাড়ির ৭ তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে চলচ্চিত্র অভিনেত্রী ইয়াসমিন শিকদার মৌ, মডেল বিপাশা আকতার মুন্নি এবং মিরপুর কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র কায়সারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১২ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ফজলুর রহমান জানান, মৌ তাদের জানিয়েছে সে চান্দি গরম, টেনশন,শীর্ষ সন্ত্রাসী ও চোরসহ প্রায় ১৮টি চলচ্চিত্রে অভিনয় করেছে। অন্যদিকে মুন্নি বিভিন্ন শিল্পীর গানের মডেল হিসাবে অভিনয় করতো। কলেজছাত্র কায়সারুল তাদের বন্ধু বলে জানিয়েছে মৌ ও মুন্নী। যে ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে সেটি মৌ এর নামে ভাড়া করা।
গ্রেপ্তারকৃতরা নিজেরা খাওয়া ছাড়াও ইয়াবা বিক্রিও করতো বলে জানান ফজলুর রহমান। তাদের অন্য অসামাজিক কাজে জড়িত থাকার প্রমাণও পাওয়া গেছে বলে উল্লেখ করেন তিনি।
এব্যাপারে পল্লবী থানায় একটি মামলা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/১৫৫৫ঘ.
bdnews24