খুলনা, জুলাই, ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতিবাজদের সঙ্গে সরকারের সমঝোতা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মঞ্জুরুল আহসান খান।
তিনি বলেন, "সরকারের সঙ্গে দুর্নীতিবাজাদের সমঝোতা হওয়ায় তাদের কৌশলে বিদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে।"
শুক্রবার খুলনা প্রেসক্লাব মিলনায়তনে জেলা সিপিবির সম্মেলনে মঞ্জুরুল আহসান এ কথা বলেন।
তিনি বলেন, "সরকারের প্রতি সাধারণ মানুষের বিশ্বাসযোগ্যতা শূন্যের কোঠায় নেমে গেছে। সরকারের সামন্যতম দেশাত্মবোধ ও জনগণের প্রতি ভালবাসা থাকলে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক হারে বাড়াত না।"
মঞ্জুরুল আহসান বলেন, "এ সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), ওয়ার্ল্ড ব্যাংক এবং বিদেশি শক্তির মদদপুষ্ট সরকার। ওয়ার্ল্ড ব্যাংক ও আইএমএফ'র পরামর্শে প্রেসক্রিপশনে তেলের দাম বাড়ানো হয়েছে। বন্ধ করে দেওয় হয়েছে কলকারখানা।"
পার্টির খুলনা সিটি করপোরেশনের মেয়র প্রার্থী অ্যাডভোকেট ফিরোজ আহমেদকে বিজয়ী করতে সব কমরেডকে কাজ করার আহ্বান জানান তিনি।
খুলনা জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান মনির সভাপতিত্ব অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন- জেলা পার্টির সাধারণ সম্পাদক এস এ রশীদ, সাবেক সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, মহানগর শাখার সাবেক সভাপতি ও মেয়র প্রার্থী অ্যাডভোকেট আহমেদ প্রমূখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৭ ঘ.
bdnews24