২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে অটোরিক্সা যাত্রীর কাছ থেকে ২৪৯টি সোনার চেন উদ্ধার

রাজধানীর নর্থ সাউথ রোডে শুক্রবার সকালে এক অটোরিক্সা যাত্রীর কাছ থেকে ২৪৯টি সোনার চেন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2008, 11:12 AM

Updated : 26 Aug 2022, 02:04 PM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর নর্থ সাউথ রোডে শুক্রবার সকালে এক অটোরিক্সা যাত্রীর কাছ থেকে ২৪৯টি সোনার চেন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- রাজু, জাকির ও বাতেন। এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। কোতোয়ালি থানার উপপরিদর্শক শাহাদত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে নর্থ সাউথ রোডের কাজী আব্দুল হামিদ লেনে চেকপোস্ট বসিয়ে তল্লাশী করা হচ্ছিল। এ সময় একটি সিএনজি অটোরিক্সায় থাকা ওই তিন জনের দেহ তল্লাশী করলে রাজুর বাম পায়ের হাঁটুর নিচে টেপ দিয়ে মোড়ানো ৫টি বাণ্ডিল পাওয়া যায়। পরে বান্ডিল গুলো খুলে মোট ২৪৯টি সোনার চেন পাওয়া যায়। উপপরিদর্শক শাহাদত জানান, চেনগুলোর ওজন প্রায় ১ কেজি। আনুমানিক দাম ২০ লাখ টাকা। তিনি বলেন, "কোনো বৈধ কাগজ দেখাতে না পারায় রাজুসহ অটোরিক্সার অপর দুই যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা গেছে, বাতেন শুক্রবার সকালেই সিঙ্গাপুর থেকে ঢাকা এসেছে। অটোরিক্সা চালক আমাদের জানিয়েছে, রাজু, জাকির ও বাতেন বিমানবন্দর থেকে তাঁতীবাজার যাচ্ছিল।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১৭০৫ ঘ.