ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংলাপে আওয়ামী লীগের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচনের আগেই জরুরি অবস্থা প্রত্যাহারের বিষয়টি বিবেচনায় নিয়েছে সরকার। তবে আগামীতে পরিস্থিতি বিবেচনা ও আলোচনা সাপেক্ষেই এ সম্পর্কে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।
বৃহস্পতিবার আওয়ামী লীগের সঙ্গে সরকারের সংলাপ শেষে সংবাদ সম্মেলনে জিল্লুর রহমান বলেন, "আমরা বিষয়টি (জরুরি অবস্থা প্রত্যাহার) বিবেচনায় নিয়েছি। আগামীতে আরো আলোচনা ও পরিস্থিতি বিবেচনা করে দেখা হবে। এ মুহূর্তে আমরা জরুরি অবস্থা শিথিলের ওপর গুরুত্ব দিচ্ছি।"
সকাল ১১টায় সংলাপ শুরু হয়ে বেলা দেড়টার দিকে শেষ হয়। এতে শেখ হাসিনার স্থায়ী মুক্তি, আটক সব নেতার মুক্তি, শেখ হাসিনাসহ দলের সবার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, মোহাম্মদ নাসিমকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানো, আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠান ও অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহারসহ বেশকিছু দাবি জানায় আওয়ামী লীগ।
পরে এক যৌথ সংবাদ সম্মেলনে সরকার পক্ষে শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান এবং আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সংলাপের বিষয়বস্তু তুলে ধরেন।
'গণগ্রেপ্তার' বন্ধসহ গত জোট সরকারের সময় থেকে আটক হওয়া নেতা-কর্মীদের মুক্তির বিষয়ে আওয়ামী লীগের দাবি প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টা বলেন, "বিষয়টি রিভিউ (পর্যালোচনা) করা হবে। এমনকি, বিশেষ মহলের সময় দায়ের করা মামলাগুলোও রিভিউ করা হবে।"
শেখ হাসিনাকে স্থায়ী মুক্তি দেওয়ার ক্ষেত্রে 'আইনগত কিছু প্রক্রিয়া আছে' মন্তব্য করে উপদেষ্টা এ বিষয়ে সুস্পষ্ট কিছু বলতে রাজি হননি।
স্থানীয় নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিটি বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন তিনি। ট্রেড ইউনিয়নের কার্যক্রম চালুর বিষয়টিও প্রক্রিয়াধীন আছে বলে জানান শিক্ষা উপদেষ্টা।
স্থানীয় নির্বাচন প্রসঙ্গে জিল্লুর রহমান বলেন, "উপজেলা নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগের কোনো দ্বিমত নেই। তবে তারা এ নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে কথা বলেছে। স্থানীয় নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য আগামী অক্টোবরের মধ্যেই এগুলো শেষ করে ফেলা হবে।"
প্রধান উপদেষ্টা সংলাপে নির্বাচনের সময় প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিত করার বিষয়ে আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।
আগামীতে আওয়ামী লীগের সঙ্গে আরো সংলাপ হবে জানিয়ে হোসেন জিল্লুর বলেন দ্বিতীয় বৈঠকের সময় ও তারিখ পরে দেওয়া হবে।
তিনি জানান, দ্রব্যমূল্যসহ অর্থনৈতিক বিষয় নিয়েও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিশেষ বৈঠক হবে।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম আলোচনার মাধ্যমে সবকিছু সমাধান করে 'নির্বাচনের দিকে যাওয়ার' আশা প্রকাশ করেন। তিনি বলেন, "আমরাই প্রথম সংলাপের প্রস্তাব দিয়েছিলাম। আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করে সবাইকে নিয়ে নির্বাচন সম্ভব। আজই (বৃহস্পতিবার) সংলাপ শেষ নয়। অনেক বিষয়ে আলোচনা রয়েছে।"
আওয়ামী লীগের দাবিগুলো জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, "জরুরি অবস্থায় নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। জরুরি অবস্থায় মৌলিক অধিকার স্থগিত থাকে। এগুলো বিবেচনা নিয়ে আমরা ঐক্যমতে পৌঁছাব।"
তত্ত্বাবধায়ক সরকার ঘোষিত নারীনীতি সমর্থন করে তিনি বলেন, "এই নারীনীতি বাস্তবায়নে আমরা সমর্থন দেব। তবে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে ১৯৯৭ সালের নারীনীতি বাস্তবায়ন করবে।"
স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে সরকারের সঙ্গে কোনো ধরনের আঁতাতের অভিযোগ উড়িয়ে দিয়ে সৈয়দ আশরাফ বলেন, "আওয়ামী লীগ কারো সঙ্গে আঁতাত করে না। আমরা সব দলের অংশগ্রহণে সফল সংলাপ ও নির্বাচন দেখতে চাই।"
অন্যদিকে, হোসেন জিল্লুর রহমান বলেন, "কোনো আঁতাত নয়। আমরা সবাইকে নিয়েই নির্বাচন করতে চাই। স্থানীয় সরকার নির্বাচন প্রকৃতপক্ষে জনআকাক্সক্ষার বহিঃপ্রকাশ।"
প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সংলাপে সরকারের পক্ষে নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। শিক্ষা উপদেষ্টা ছাড়াও তার সঙ্গে ছিলেন যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের, আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল ও পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী।
অন্যপক্ষে আওয়ামী লীগের পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের নেতৃত্বে সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, আতাউর রহমান খান কায়সার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সংলাপে অংশ নেন।
আনুষ্ঠানিক সংলাপ সামনে রেখে গত ১৩ এপ্রিল সরকারের পাঁচ উপদেষ্টার সঙ্গে আওয়ামী লীগের নীতিনির্ধারকদের প্রাক সংলাপ হয়েছিল।
এরপর বিদেশে চিকিৎসার প্রয়োজনে গত ১১ জুন আট সপ্তাহের জন্য মুক্তি দেওয়া হয় শেখ হাসিনাকে। সে রাতেই আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক থেকে সংলাপে যাওয়ার সিদ্ধান্ত নেয় দলটি। পরে সংলাপে অংশ নিতে প্রধান উপদেষ্টার কাছে ৯ সদস্যের প্রতিনিধি দলের নাম পাঠায় আওয়ামী লীগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/এসইউএম/এসএনডি/এসকে/১৮৪৯ঘ.
bdnews24