ঢাকা, জুলাই ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারা দেশে বৃষ্টিপাত আরো দু'একদিন অব্যাহত থাকতে পারে বলে বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় স্থানীয়ভাবে সৃষ্ট মেঘপুঞ্জের জন্য শনিবার রাত থেকে সারাদেশে নানান মাত্রায় বৃষ্টিপাত হচ্ছে।
সকালে আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বরত এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বুধবার সন্ধ্যা ছয়টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বা বজ্র বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।"
বৃহস্পতিবার সকাল ৬ টা পর্যন্ত ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া কক্সবাজারে ১৩৪ মিলিমিটার, টেকনাফে ৬১, রাঙামাটিতে ১৬, চট্টগ্রামে ৪৬, সন্দ্বীপে ৫৯, সিলেটে ৮, ফেনীতে ১৩, হাতিয়ায় ৮৪, চাঁদপুরে ১০২, টাঙ্গাইলে ৯, মাদারিপুরে ৭২, বরিশালে ৬, ভোলায় ৮, পটুয়াখালীতে ৭৩, খুলনায় ৪, খেপুপাড়ায় ১৯, মংলায় ৪, সাতক্ষীরায় ১, যশোরে ২, ঈশ্বরদীতে ১৭, রাজশাহীতে ৪, বগুড়ায় ১২, রংপুরে ৩০ এবং দিনাজপুরে ৬৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/জিএনএ/১১৪৬ ঘ.
bdnews24