ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার কৌশল নির্ধারণে বৃহস্পতিবার বৈঠকে বসবেন দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) দেশগুলোর মন্ত্রিপর্যায়ের প্রতিনিধিরা।
প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ঢাকার হোটেল শেরাটনে 'জলবায়ুর পরিবর্তন বিষয়ক মন্ত্রিপর্যায়ের বৈঠক' এর উদ্বোধন করবেন। সার্কের মহাসচিব শীল কান্ত শর্মাও বৈঠকে অংশ নেবেন।
সম্মিলিতভাবে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার মাধ্যমে টেকসই উন্নয়ন ও অভিযোজন নিশ্চিত করতে এ বৈঠকের মাধ্যমে একটি সনদ চূড়ান্ত করা হবে।
এর আগে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিশেষজ্ঞরা গত মঙ্গল ও বুধবার এই সনদের একটি খসড়া তৈরি করেন।
বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এই সনদ ঘোষণা করা হবে।
মঙ্গল ও বুধবারের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সার্কভুক্ত দেশগুলোর জন্য একটি 'জলবায়ু পরিবর্তন তহবিল' গঠনের প্রস্তাব করা হয়। তবে এ প্রস্তাবের বিরোধিতা করে ভারতীয় প্রতিনিধিরা বলেন, সার্ক উন্নয়ন তহবিল (এসডিএফ) থেকেই এ ব্যাপারে অর্থায়ন করা যেতে পারে।
বৈঠকে অংশগ্রহণকারী আবহাওয়া অধিদপ্তরের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশের প্রস্তাবটি বৈঠকে গৃহীত হয়নি।
২০০৭ সালের এপ্রিলে ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত চতুর্দশ সার্ক শীর্ষ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এরই ধারাবাহিকতায় ঢাকায় সার্ক জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন অনুষ্ঠানের প্রস্তাব দেয় বাংলাদেশ। সার্কের সব সদস্য দেশ ওই প্রস্তাব গ্রহণ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/কিউএইচ/জেকে/এমএইচবি/২৩৩০ ঘ.
bdnews24