ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দাখিল করা অভিযোগপত্রে তার স্ত্রী ইসমত আরার অভিযোগ সম্পর্কে উচ্চ আদালতের নির্দেশনা ঠিকভাবে উপস্থাপন করা হয়নি বলে দাবি করা হয়েছে।
ইসমত আরা তার আইনজীবীর মাধ্যমে এ দাবি করে অভিযোগপত্রে তার সম্পর্কে দেওয়া তথ্য আমলে নেওয়ার জন্যে ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হকের আদালতে আবেদন করেছেন।
আবেদনে বলা হয়েছে, হাইকোর্ট গত ১৯ জুন ইসমত আরার বিরুদ্ধে মামলার সব কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করে। একই সঙ্গে মামলাটির কার্যক্রম কেন বাতিল করা হবে না তার কারণ জানাতে সরকারের প্রতি রুলও জারি করে। এ সত্ত্বেও অভিযোগপত্রে ' উচ্চ আদালতের পরবর্তী নির্দেশের অপেক্ষায় ইসমত আরার বিষয়টি আপাতত স্থগিত রাখা হল' উল্লেখ করা হয়েছে যা আদালত অবমাননার শামিল।
আবেদনে অভিযোগপত্রটিতে ত্র"টিপূর্ণ ও অসম্পূর্ণ অভিহিত করা হয়েছে।
বুধবার ইসমত আরার পক্ষে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হকের আদালতে আবেদনটি দাখিল করেন। এতে একই সঙ্গে মামলাটির অধিকতর তদন্তের জন্যও আবেদনও জানানো হয়।
এ বিষয়ে আসামি ও রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আদালত আগামী ৭ জুলাই আদেশ দেওয়ার দিন ধার্য করেছেন। মামলাটির পরবর্তী কার্যক্রম বিষয়ে ওই দিনই আদেশ দেবেন বলে জানান ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হক।
মঙ্গলবার দুদকে দাখিল করা সম্পত্তির হিসাব বিবরণীতে ৯ কোটি ৬৫ লাখ ৩ হাজার ৬০৯ টাকার সম্পত্তির তথ্য গোপন এবং অবৈধভাবে ৯ কোটি ৭৬ লাখ ২৮ হাজার ২৬১ টাকার সম্পত্তি অর্জনের অভিযোগ এনে অভিযোগপত্র দেওয়া হয়।
এতে মামলার অন্য আসামি খোকার মেয়ে সারিকা সাদেক ও ছেলে ইসরাক হোসেনকে অব্যহতি দেওয়ার আবেদন জানানো হয়েছে। তবে উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে খোকার স্ত্রী ইসমত আরার বিরুদ্ধে আনা অভিযোগটি আপাতত স্থগিত রাখার কথা বলা হয়।
চলতি বছরের ২ এপ্রিল রমনা থানায় সাদেক হোসেন খোকা তার স্ত্রী ও ছেলে-মেয়ের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিসি/এএল/এসকে/এমএইচবি/২০১৬ ঘ.
bdnews24